এক থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১১:৫৪ এএম

সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৫.০ ডিগ্রি সেলসিয়াস।

আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং পরবর্তীতে আজ সকাল ৬টায় (১৬ নভেম্বর) উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপ হিসেবচে অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত কক্সবাজারে ২ মিলিমিটার, ঢাকা, যশোর ও সন্দ্বীপে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত