শক্তি-সামর্থ্যে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে অস্ট্রেলিয়া। মাঠের খেলায়ও তার প্রমাণ মিলেছে। ম্যাচের প্রথমার্ধেই চার গোল হজম করেছিল সফরকারীরা। ম্যাচটা শেষ পর্যন্ত হেরে গেছে লাল-সবুজরা। হজম করেছে ৭ গোল। যেন ‘সেভেন আপ’এর পুনরাবৃত্তি হলো অস্ট্রেলিয়ার।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মেলবোর্নে শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরেছিল অস্ট্রেলিয়া। দাপটের ধারবাহিকতা রেখেই তারা ৭-০ ব্যবধানে জয় নিয়ে ম্যাচ শেষ করেছে স্বাগতিকরা।
আক্রমণের পসরা মেলে ধরা অস্ট্রেলিয়া চতুর্থ মিনিটেই পায় সাফল্য। ডি অক্সের বাইরে অস্ট্রেলিয়ার একজনকে ফাউল করেন মোহাম্মদ হৃদয়। সেখান থেকে ক্রেইগ গুডউইনের ফ্রি কিকে লাফিয়ে উঠে দারুণ হেডে বাংলাদেশের জালে বল পাঠান অস্ট্রেলিয়ার হ্যারি সোট্টার।
দশম মিনিটে প্রথম কর্নার আদায় করে নেয় বাংলাদেশ। জামালের থ্রু ধরে ডানদিক দিয়ে আক্রমনে উঠে ফাহিমকে লো-ক্রস দিতে চেয়েছিলেন রাকিব। তবে এক অস্ট্রেলিয়ান ডিফেন্ডারের পায়ে লেগে বল বাইরে যায়।
২০তম মিনিটে ডান দিক থেকে হাসান মুরাদকে পরাস্থ করে আক্রমণে উঠে আড়াআড়ি পাস দেন কনর মেটকাফ। ওই পাস থেকে আনমার্কড ব্র্যান্ডন বোরেল্লো গোল করেন সহজেই।
৩৭ মিনিটে সতীর্থের ক্রসে সহজেই হেড করে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান মিচেল ডুক। তিন মিনিট পর ডুকের সুযোগ সন্ধানী গোলে স্কোর লাইন হয় ৪-০। বোরেল্লোর শট সাইডবারে লেগে ফিরলে আলতো টোকায় দ্বিতীয় গোলের দেখা পান ডুক।
