লিভারপুলের রাত

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৪:২৪ পিএম

জাতীয় দলের হয়ে দারুণ সময় কাটাচ্ছেন লিভারপুলের ফুটবলাররা। বিশেষ করে, গত রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নিজ নিজ দেশের হয়ে আলো ছড়িয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির ফরোয়ার্ডরা।

সবার প্রথমে বলতেই হয় মোহামেদ সালাহর নাম। ২০২৬ বিশ্বকাপের আফ্রিকার অঞ্চলের বাছাইয়ে জিবোউতির বিপক্ষে কী দারুণ পারফরম্যান্সই না করলেন লিভারপুলের তারকা এই ফরোয়ার্ড। প্রতিপক্ষে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে ৪টি গোলই করেছেন সালাহ!

লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আজ সকালে আর্জেন্টিনা ও ব্রাজিলের হারে বড় অবদান রেখেছেন লিভারপুলের দুই ফরোয়ার্ড লুইস দিয়াস ও দারউইন নুনেস। ব্রাজিলের বিপক্ষে কলম্বিয়ার ২-১ ব্যবধানের জয়ে দুটি গোলই করেছেন দিয়াস। কলম্বিয়ান এই তারকার শেষ দিকে ৪ মিনিটের ঝড়ে শুরুতে লিড নিয়েও হারের তেতো স্বাদ পেতে হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

আর উড়তে থাকা আর্জেন্টিনাকে মাটিতে নামিয়ে আনার পথে বড় ভূমিকা ছিল উরুগুয়ের নুনেসের। টানা ১৪ ম্যাচ জেতা বিশ্ব চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারায় উরুগুয়ে। রোনালদ আরাউহোর গোলে এগিয়ে যাওয়ার পর দলটির জয় নিশ্চিত করা গোলটি করেন নুনেস।

তাই বলা যায়, গত রাতটি ছিল লিভারপুলের খেলোয়াড়দের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত