'তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি' স্লোগানে এবারের ইশতেহার প্রণয়ন করেছে আওয়ামী লীগ। খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৮ সালের নির্বাচনের মত এবারও তারুণ্যকে আকৃষ্ট করতে চায় আওয়ামী লীগ। তাই তাদের প্রাধান্য দিয়ে ইশতেহারের স্লোগান রচনা করা হয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, এবারের ইশতেহারে তরুণদের সম্পদে রূপান্তরিত করতে তরুণদের নিয়ে সকল ভাবনা পুঙ্খানুপুঙ্খ রূপে তুলে ধরা হচ্ছে। খেয়াল করলে দেখবেন দিনে দিনে তরুণদের প্রতি নির্ভরতা বেড়েই চলেছে আওয়ামী লীগের। ফলে তরুণদের আকৃষ্ট করতে স্লোগানে তারুণ্য শব্দটি রাখা হয়েছে।
তিনি বলেন, ইশতেহারে সরকারে আসার সুযোগ পেলে আগামী পাঁচ বছর কি করবে আওয়ামী লীগ তা সুনির্দিষ্ট করে তুলে ধরার কাজ চলছে। পাশাপাশি আরও থাকবে গত তিন মেয়াদে সরকারে থেকে দেশের মানুষের কল্যাণে যা করেছে সেটি সকলকে স্মরণ করিয়ে দেওয়া হবে ইশতেহারে বর্ণনা করে।
এর আগে 'দিন বদলের সনদ' স্লোগানে ইশতেহার দিয়ে বাজিমাত করে ২০০৮ সালে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। এরপর ২০১৪ সালে ছিলো 'এগিয়ে যাচ্ছে বাংলাদেশ '।
সর্বশেষ ২০১৮ সালে 'সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ ' স্লোগানে ইশতেহার প্রণয়ন করা হয়।
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর আরেক সদস্য দেশ রূপান্তরকে বলেন, ইশতেহারের স্লোগান প্রণয়নে সবসময়েই সচেতন থাকে আওয়ামী লীগ। এবারও খুবই পরিকল্পনা করে ভোটারদের আকৃষ্ট করার মত স্লোগান রচনা করা হয়েছে।
এদিকে আওয়ামী লীগের ইশতেহারে মতামত প্রদানের জন্য আহ্বান জানিয়েছে দলটি।এ জন্য দলের ওয়বসাইটে ঢুকে মতামত জানানের সুযোগ রাখা হয়েছে।
