বলেছেন গ্রেগ চ্যাপেল

'ওয়ানডে ক্রিকেট এখনো জীবন্ত'

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১১:২০ এএম

ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে প্রায়ই। ক্রিকেটের এই সংস্করণ হারিয়ে যাচ্ছে কিনা, এটা নিয়ে বিতর্ক চলে এখনও। তবে চলতি বিশ্বকাপ দেখে অস্ট্রেলিয়ার কিংবদন্তি তারকা গ্রেগ চ্যাপেলের মনে হচ্ছে, এখনো জীবন্ত ও স্পন্দনশীল ওয়ানডে ক্রিকেট। তার মতে, এই সংস্করণের ভবিষ্যৎও উজ্জ্বল।

দীর্ঘ দেড় মাস ধরে চলছে এবারের ওয়ানডের বৈশ্বিক আসর। একেবারেই শেষ পর্যায়ে এসেছে পৌঁছেছে জমজমাট টুর্নামেন্টটি। বাকি আছে আর কেবল একটি ম্যাচ, ফাইনাল। শিরোপার লড়াইয়ে আগামীকাল মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

দর্শক ধারণ ক্ষমতার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচটি। এদিনও সমর্থকে ঠাসা গ্যালারি দেখার প্রত্যাশায় আছেন সবাই। এতেই অনেকটা স্পষ্ট, ওয়ানডের আবেদন এখনো ক্রিকেটপ্রেমীদের কাছে কমেনি।

ভারতের সাবেক কোচ ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক চ্যাপেলও বললেন একই কথা। তার ভাষায়, ‘ওয়ানডে ক্রিকেট জীবন্ত ও স্পন্দনশীল। বিভিন্ন দিক থেকে এটি এগিয়ে যাচ্ছে। এই টুর্নামেন্টটি খুবই সফল। আগামী রবিবারের পর সারাবিশ্বের ক্রিকেটপ্রেমীরা ফাঁকা ফাঁকা অনুভব করবে।’

ফাইনালের দুই প্রতিপক্ষ নিয়ে কথা বলতে ভোলেননি চ্যাপেল। বিশেষ করে আলাদা করে বলেছেন তিনি চলতি আসরে এখন পর্যন্ত অপরাজিত থাকা ভারতের কথা, ‘ভারত অসাধারণ ক্রিকেট খেলছে। তাদের তূনে যেন অস্ত্রের অভাব নেই।’

২০০৩ সালে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। তবে এই ভারত দলের বিপক্ষে জিততে অস্ট্রেলিয়াকে বিশেষ কিছু করতে হবে বলে মনে করেন চ্যাপেল, ‘বিশেষ কিছু নিজেদের ভেতর থেকে বের করা ভীষণভাবে নির্ভর করবে অস্ট্রেলিয়া দলের উপর। তারা যদি আট বিশ্বকাপ ফাইনালের মধ্যে ছয়টি জিতে নেয়, সেটা হবে অসাধারণ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত