আগুনে পুড়েছে নানার ঘর, দেখতে এসে...

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৪:৩২ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মিম নামের চার বয়সী শিশুর। আজ শনিবার (১৮ নভেম্বর) সকালে তিরনইহাট ইউনিয়নের তেঁতুলিয়া-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের ধামনাগছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিম আক্তার উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাটাপাড়া গ্রামের আবুবক্কর সিদ্দিকের মেয়ে।

স্থানীয় ও স্বজনরা জানায়, গতকাল আশ্রয়ণ প্রকল্প থেকে পাওয়া নানা সৈয়দ আলীর ঘর আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়ে দেখতে আসে মিম। শনিবার সকালে সে নানির বাড়ি থেকে মহাসড়কে উঠে সড়ক পার হওয়ার সময় বাংলাবান্ধাগামী একটি মালবাহী লরির ধাক্কায় পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে তেঁতুলিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রেফার করলে পঞ্চগড়ে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় মালবাহী গাড়িটি আটক করেছে তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ।

তেঁতুলিয়া হাইওয়ে থানার পুলিশের এসআই ফরহাদ হোসেন ও বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান তারেক হোসেন মালবাহী লরির ধাক্কায় শিশু মিমের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, ঘটনাটি মর্মান্তিক। খবর শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবার ও আগুনে ক্ষতিগ্রস্ত সৈয়দ আলীকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত