শীতে ঘুম থেকে উঠার পর এই ভুল করছেন নাতো

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৭:২১ পিএম

প্রকৃতিতে শীতের আবহ। এ সময় অনেকেই আতঙ্কে থাকেন গোসল নিয়ে। পরিবর্তিত আবহাওয়ায় সর্দি, কাশি ও জ্বরের প্রকোপ বাড়ে। বিশেষজ্ঞদের মতে, এ সময় স্বাস্থ্যের যত্ন নেওয়া খুবই প্রয়োজন।

সাধারণ শীতের সকালে ঘুম ভাঙতেই চায় না। ভোরের দিকে বরং আরও গাঢ় হয়ে ওঠে ঘুম। ঠিক তখনই উঠে পড়তে হয়। তবে ঘুম থেকে উঠে সরাসরি খোলা হাওয়ায় ব্যায়াম করা মোটেও স্বাস্থ্যকর নয়। বিছানার ওম থেকে একেবারে ঠান্ডায় গেলে অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, কোনভাবেই ঘুম থেকে উঠে তড়িঘড়ি বিছানা ছাড়া যাবে না। বরং ঘুম ভাঙার পর শরীরকে মিনিট দুয়েক বিশ্রাম দিতে হবে বিছানাতেই। ভোর ভোর গোসলের অভ্যাস রয়েছে যাদের, তাদের উচিত গোসলের পানি হালকা গরম করে নেওয়া।

গোসলের সময় পানি সরাসরি মাথায় না ঢালাই ভালো। প্রথমে পানি ঢালতে হবে পায়ে। তারপর শরীরের ওপরের অংশ। সব শেষে মাথায়। শীতের সময় গোসল সংক্রান্ত এই কয়েকটি বিষয় মাথায় রাখলে অসুস্থ হওয়ার আশঙ্কা কমে।

তবে শুধু গোসল নয়। অন্য সময়ও সচেতন থাকতে হবে। এ সময় বাড়ির বাইরে বেরোতে হলে গরম জামা রাখা প্রয়োজন। যে সব এলাকায় ভালো শীত পড়েছে সেখানে তো অবশ্যই সোয়েটার জাতীয় গরম কাপড় পরতে হবে। শহুরে এলাকায় যেখানে শীতের দেখা নেই, সেখানেও এই সময় বিশেষত ভোরে ও সন্ধ্যায় বাইরে বেরোলে হালকা চাদর বা মাফলার গলায়, মাথায় রাখা যেতে পারে। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এটা অবশ্যই করতে হবে। কান, গলা ঢেকে রাখা ও পায়ের জন্য মোজা ব্যবহার করা দরকার।

শীতের সময় হালকা গরম পানি গলার জন্য ভালো। কাশি, গলা ব্যথা থেকে মুক্তি মিলবে হালকা গরম পানিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত