দিনাজপুরের পার্বতীপুরে ট্যাংকলরি বিস্ফোরণে তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পার্বতীপুর বাস টার্মিনালের রতন মটোর গ্যারেজে একটি ট্যাংকলরির (দিনাজপুর-ঢ-৪১০০১১) ওয়েল্ডিংয়ের কাজ করার সময় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ইলেকট্রিশিয়ান রতন (৩৫ নামে একজন নিহত এবং দুইজন আহত হয়েছে। আহতরা হলেন, সহকারী নাহিদ (১৬) ও ঘটনাস্থলের পাশে অবস্থানরত দুরন্ত পরিবহনের হেলপার বাদশা (৪০)।
আহতদের চিকিৎসার জন্য দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিস্ফোরণে ট্যাংকলরিটির সামনের ও পিছনের অংশ উড়ে যায়। দূর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পার্বতীপুর মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে ছুটে আসে।
ফায়ার সার্ভিসের একটি সুত্র জানায়, ট্যাংকলরিটির ঢাকনা না খুলে ঝালাইয়ের (ওয়েল্ডিং) কাজ করার সময় ভেতরে সঞ্চিত জ্বালানি গ্যাসে পরিণত হয়ে এই দূর্ঘটনা ঘটে।
