ইডেন গার্ডেনসে সেমিফাইনালের রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর অস্ট্রেলিয়া রেকর্ড ষষ্ঠ শিরোপার দিকে এগোচ্ছে। বিশ্বকাপের ফাইনালে নবমবারের মতো খেলছে অস্ট্রেলিয়া, বর্তমান টেস্ট ও টি-টোয়েন্টি চ্যাম্পিয়নদের ফেভারিট ভারতকে হারিয়ে চমক দেওয়ার মতো সামর্থ্য আছে।
অজিদের কখনোই আপনি হিসাবের বাইরে রাখতে পারবেন না। তারা জানে কীভাবে জিততে হয়, যখন তারা সমস্যায় পড়ে, আরও গভীর থেকে সমাধান বের করার উপায় খুঁজে নেয়। অস্ট্রেলিয়া বিশ্বাস করে যে আহমেদাবাদে রোমাঞ্চকর ম্যাচ হবে এবং তারা ফর্মে থাকা প্রতিপক্ষকে হারাতে পারবে। দুই দলই জয়ের ধারায় আছে। ভারত টানা ১০ ম্যাচ জিতেছে আর অস্ট্রেলিয়া প্রথম দুই হারের পর জয়ের ধারায় ফিরে আট ম্যাচ জিতেছে।
ভারত অপরাজিত এবং তাদের সুযোগ আছে তৃতীয় ওয়ানডে বিশ্বকাপ জেতার। তারা ধারাবাহিক এবং টুর্নামেন্টের সেরা দল। ভারত সেমিফাইনালে পরিকল্পিতভাবে প্রথমে নিউজিল্যান্ডের বোলিং এবং পরে ব্যাটিংকে ভেঙে দিয়েছে। অস্ট্রেলিয়া প্রতি ম্যাচে নিজেদের উন্নত করেছে এবং অসহায় অবস্থা থেকেও ম্যাচ জিতেছে। গ্লেন ম্যাক্সওয়েলের ডাবল-সেঞ্চুরি কেউ ভুলতে পারবে না। অস্ট্রেলিয়া ৯১ রানে ৭ উইকেট হারিয়েছিল, জয়ের জন্য ২৯২ তাড়া করতে গিয়ে। কী অসাধারণ ইনিংস ছিল তার অপরাজিত ২০১! আমার দেখা সেরা ইনিংস এটি। তার শরীরে একাধিক ক্রাম্প ছিল, তবু উপায় খুঁজে নিয়েছে দুর্দান্ত সব স্ট্রক খেলার।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়া যখন মুখোমুখি হয়েছিল, জয় পায় স্বাগতিকরা। দুই দলই আহমেদাবাদে ম্যাচ খেলেছে এবং জিতেছে। তারা জানে পিচ কেমন আচরণ করতে পারে। আহমেদাবাদের পিচ এখন পর্যন্ত ব্যাটিং, এবং পেস-স্পিন দুই বোলারদেরই সুবিধা দিয়েছে। ম্যাচটা দারুণ উপভোগ্য হতে পারে। খেলোয়াড়দের ব্যক্তিগত দ্বৈরথও আছে এখানে, টুর্নামেন্ট সেরা হওয়ার জন্য।
