হরতাল শুরুর আগের রাতে রাজধানীতে আরও দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৪৭ মিনিটে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর কিছু সময় পর রাত ১১টা ৫৮ মিনিটে মিরপুরের কালশি রোডে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক ফায়ার স্টেশন এর দুইটি ইউনিট ও পল্লবী ফায়ার স্টেশন এর দুইটি ইউনিট আগুন নির্বাপন করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। বাসে আগুনের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কাফরুলের তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর এক ঘণ্টা পর গুলিস্তান টোল প্লাজার সামনে কমল পরিবহনের আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
