ঢাকায় এসে বিপাকে ইমন চক্রবর্তী!

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০২:৫৭ পিএম

ঢাকায় গান গাইতে এসে বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় শিল্পী ইমন চক্রবর্তী! সমস্যার কথা জানিয়ে এবং সমাধান চেয়ে পোস্টও করেছেন নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে।

বেশ কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে গতকাল তিনি লিখেন, ‘যাই, ঢাকায় গান গেয়ে আসি...।’ এর কয়েক ঘণ্টা পরেই ফেসবুকে আরেকটি পোস্ট করেন তিনি। সেই পোস্টেই নিজের সমস্যাটির কথা জানিয়েছেন তিনি।

তার সমস্যা তেমন কিছু না, বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল নিয়ে। আজ রবিবার বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারত। সেই খেলা কীভাবে দেখবেন, তা নিয়েই বিপাকে পড়েছেন গায়িকা।

ইমন চক্রবর্তী লিখেছেন, ‘ঢাকায় আছি কিন্তু হটস্টার চলছে না...আমি কী করে বিশ্বকাপ দেখব? সাজেশন দাও।’

ভারতের ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার চলতি বিশ্বকাপ ক্রিকেট সরাসরি প্রচার করছে। তবে এই প্ল্যাটফর্ম বাংলাদেশ থেকে দেখা যায় না। তাই বন্ধুদের কাছে সমাধান চেয়েছেন তিনি। মন্তব্যের ঘরে অনেকেই নানা রকম সমাধান দিয়েছেন। বাংলাদেশি বিভিন্ন অ্যাপ ব্যবহার করে খেলা দেখার পরামর্শ দিয়েছেন।

২০১৭ সালে ‘প্রাক্তন’ সিনেমায় ‘তুমি যাকে ভালোবাসো’ গানটি গেয়ে ব্যাপক পরিচিতি পান ইমন চক্রবর্তী। পরে গানটির জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত