গাজীপুরে দূরপাল্লার যাত্রীবাহী বাসে আগুন

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৬:০১ পিএম

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন গাজীপুর মহানগরীর পালের মাঠ এলাকায় দাঁড়িয়ে থাকা দূরপাল্লার একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ রবিবার দুপুরে নগরীর চান্দনা চৌরাস্তা-শিববাড়ী সড়কের শহীদ বরকত সরণি পালের মাঠ এলাকায় থেকে প্রায় ১ কিলোমিটার ভেতরে শাখা রোডে দাঁড়ানো বাসটিতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় বাস মালিক জ্ঞান হারিয়ে ফেললে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসটির মালিক দেলোয়ার গ্রামের বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানায়। কিন্তু তিনি পালের মাঠ এলাকায় সপরিবারে বাসা ভাড়া করে বসবাস করেন। তার মারিকানাধীন সোনার বাংলা পরিবহন নামে গাড়িটি ঢাকা-শেরপুর রুটে তিনি নিজেই চালান। অনেকদিন আগে থেকেই চালানো শেষে বাসটি তার বাসার কাছে সড়কের পাশে পুকুর পাড়ে রাখতেন। প্রতিদিনের মতো শনিবার ভোররাতে একই স্থানে বাসটি রেখে বাড়ি যান দেলোয়ার। রবিবার দুপুর ১টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। মুহূর্তেই গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

গাড়িটির মালিক দেলোয়ারের চাচাতো ভাই সাগর জানান, দেলোয়ার তার শেষ সম্বল ৭ কাঠা জমি বিক্রির ২৮ লাখ টাকা দিয়ে কিস্তিতে গাড়িটি ক্রয় করেছিলেন। প্রতিমাসে তাকে ৬২ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হয়। আগুনের খবর পেয়ে বাসা থেকে গিয়ে পুড়ে যাওয়া বাসের দৃশ্য দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে এলাকাবাসী তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি আবু ছিদ্দিক জানান, দুপুর ১টা ২০ মিনিটের দিকে বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। শহীদ বরকত সরণির থেকে অনেক ভেতরে পুকুর পাড় দাঁড় করানো ছিল বাসটি। আগুনে বাসটির অধিকাংশ পুড়ে গেছে। বাসটিতে আগুন দেওয়ার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত