পররাষ্ট্রমন্ত্রী

‘যারা নির্বাচন বানচাল করার প্রচেষ্টায় ব্যস্ত তাদের শিক্ষা দেব’

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৬:৫৮ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রবিবার (১৯ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্ধারিত বুথে ফরম জমা দেন তিনি।

এর আগে মোমেন বলেন, তাফসিল ঘোষণার পর থেকে দেশের মানুষের মধ্যে নির্বাচনমুখী জোয়ার এসেছে। দারুণ অনুপ্রেরণা এসেছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে। আর আমার দলের মূলনীতি হলো- ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’। 

তিনি বলেন, মানুষ এটা বিশ্বাস করে, আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। এদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সব নির্বাচনে জয়লাভ করেই সরকার গঠন করেছে। কোনোদিন চোরাই পথে সরকারে আসেনি। আর এবারেই আমরা প্রমাণ করব বাঙালি জাতি নির্বাচনমুখী জাতি। যারা এই নির্বাচন বানচাল করার প্রচেষ্টায় ব্যস্ত তাদের আমরা শিক্ষা দেব। অবশ্যই আমরা নির্বাচনে জয় লাভ করব।

দেশবাসী নির্বাচন চায় সেটি প্রমাণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই সেদিনের অপেক্ষায় আছি যেদিন প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আবার সরকার গঠন করব এবং আমাদের যেসব অর্জন আমরা এখনও করতে পারিনি সেগুলো অবশ্যই অবশ্যই অর্জন করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত