‘ত্যাগ ছাড়া আওয়ামী লীগের মনোনয়নের সুযোগ নেই’

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৩:০৯ এএম

দল না করে, ত্যাগ-তিতিক্ষা ছাড়া নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘আমাদের দল আওয়ামী লীগের ক্ষেত্রে দল না করে মনোনয়ন পাওয়ার কোনো সুযোগ নেই। অবশ্যই তার দলীয় ত্যাগ-তিতিক্ষা থাকতে হবে, দীর্ঘ ধারাবাহিকতা ও জনপ্রিয়তা থাকতে হবে। এর বাইরে কারও মনোনয়ন পাওয়ার কোনো সুযোগ নেই।’

গতকাল রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য (এমপি) হাছান মাহমুদ।

আওয়ামী লীগ থেকে অনেক নেতার মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দল নির্বাচনী এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে জরিপ চালাচ্ছে। আওয়ামী লীগের প্রত্যেকটি নির্বাচনী এলাকায় বহু নেতা এমপি হওয়ার যোগ্যতা রাখে। সেজন্য প্রত্যেকটি নির্বাচনী এলাকায় অনেক নেতা নমিনেশন নেওয়াটা খুবই স্বাভাবিক, এটি অস্বাভাবিক কোনো কিছু নয়, সব সময় এটি হয়ে এসেছে। কিন্তু কোনো হাইব্রিডের মনোনয়ন পাওয়ার সুযোগ নেই। দল সবাই করতে পারে। দল অনেক সময় এটিও বিবেচনা করে যে, দীর্ঘ ধারাবাহিকতা না থাকলেও জনপ্রিয়তা আছে। কিন্তু দল না করে মনোনয়ন পাওয়ার কোনো সুযোগ আওয়ামী লীগে নেই।’

নিজের নির্বাচনী প্রস্তুতি নিয়ে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘আমার ইলেকশন শুধু ইলেকশন এলে না, আমি সারা বছর ইলেকশন করি, প্রতি সপ্তাহেই নির্বাচনী এলাকাতে যাই, চট্টগ্রামে যাই, সারা বছর মানুষের সঙ্গে থাকি। ইলেকশন উপলক্ষে যে ঝাঁপিয়ে পড়া সেটি আমার ক্ষেত্রে নয়। আমি সারা বছর দলমত-নির্বিশেষে মানুষের সঙ্গে থাকি। কারণ আমি ভাবি যে, আমাকে মনোনয়ন দেওয়ার সময় আওয়ামী লীগের প্রার্থী ছিলাম, যখন এমপি হয়ে গেছি তখন সব মানুষের। এবারও দল যদি আমাকে মনোনয়ন দেয়, আশা করি যে, আমি যেভাবে দলমত-নির্বিশেষে মানুষের পাশে থেকেছি, মানুষও দলমত-নির্বিশেষে ভোটের সময় আমার পাশে থাকবে।’

নির্বাচনী কাজে তরুণদের অংশগ্রহণ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের স্লোগানই হচ্ছে তারুণ্যই শক্তি, তারুণ্যই সমৃদ্ধি। তরুণদের ওপর নির্ভর করেই দেশ এগিয়ে যাবে। সুতরাং তরুণরা আমাদের নির্বাচনী মেনিফেস্টো বলুন, নির্বাচনী কর্মকান্ড বলুন, সবকিছুতেই তরুণদের প্রাধান্য থাকবে।’

নির্বাচনে বিএনপি আসবে কি না এ প্রশ্নে হাছান মাহমুদ বলেন, ‘ইলেকশনের ট্রেন চলা শুরু হয়ে গেছে। এখন ট্রেনে যদি কেউ উঠতে না পারে তাহলে তো করার কিছু নেই। গতবার বিএনপি ইলেকশনের ট্রেনের পাদানিতে উঠেছিল, তার আগেরবার ইলেকশনের ট্রেন মিস করেছিল। আজকে সারা দেশে মানুষের মধ্যে যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে, এতেই প্রমাণিত হয় কেউ নির্বাচন বর্জন করলেও জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত