গাজীপুর মহানগরীর পুবাইলে আনোয়ার সিমেন্টের মালিকানাধীন একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় মহানগরের ভোগড়া-উলুখোলা বাইপাস সড়কে ভান্ডারী কালভার্ট এলাকায় ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরীর পুবাইল থানার ভান্ডারিয়া বাজারের পাশে ভোগড়া-উলুখোলা বাইপাস সড়ক ধরে একটি ট্রাক উলুখোলার দিকে যাচ্ছিল। এ সময় ৮/১০জন দুষ্কৃতিকারী আনোয়ার সিমেন্ট কোম্পানির ট্রাক লক্ষ্য করে পেট্রোল ছুড়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে চালক ট্রাকে দেওয়া আগুন নিভিয়ে ফেলেন।
গাজীপুর মহানগর পুলিশের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, কে বা কারা ট্রাকে আগুন দিয়েছে এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
