অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি বলেছেন, তার দেশের নৌবাহিনীর জাহাজের সঙ্গে চীনা যুদ্ধবিমান বিপজ্জনক ও অপেশাদার আচরণ করেছে। সোমবার (২০ নভেম্বর) স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী অ্যালবানিজি বলেন, স্বাভাবিক সব উপায় ব্যবহার করে বিষয়টি নিয়ে (চীনের সঙ্গে) আলোচনা হয়েছে৷ অবশ্য গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অ্যাপেক বৈঠকের সময় চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় তিনি এই বিষয়টি তুলেছিলেন কিনা সেটি জানাননি অ্যালবানিজি।
তবে তিনি বলেন, এসব ঘটনার পরিণতি হচ্ছে, এতে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয়টি আমরা চীনকে খুব স্পষ্টভাবে জানিয়েছি। খবর ডয়চে ভেলের।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর জাপানের অধিকারে থাকা সাগরে এ ঘটনা ঘটে। ওই এলাকায় অস্ট্রেলিয়ার ফ্রিগেট ‘এইচএমএএস টুউম্বা' ডাইভিং অপারেশন চালানোর সময় চীনের একটি ডেস্ট্রয়ার থেকে নিক্ষেপ করা সোনারের আঘাতে অস্ট্রেলিয়ার এক ডুবুরি সামান্য আহত হন বলে জানান অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লস। তিনি অভিযোগ করেন, ডাইভিং অপারেশন সম্পর্কে চীনের যুদ্ধবিমানকে আগে জানানোর পরও এ ঘটনা ঘটেছে।
এদিকে চলতি মাসে চীন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী অ্যালবানিজি। গত সাত বছরের মধ্যে অস্ট্রেলিয়ার কোনো প্রধানমন্ত্রীর সেটিই ছিল প্রথম চীন সফর।
