আহমেদাবাদে ভারতীয়দের স্বপ্নভঙ্গ করে ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। অপ্রতিরোধ্য ভারতকে মাঠের ক্রিকেটে সেরা নৈপুণ্য দেখিয়ে ৬ উইকেটে ফাইনাল জেতেন প্যাট কামিন্সরা। বিশ্বকাপ জয়ের পর অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানালেন ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অভিবাদন বার্তাসহ একটি পোস্ট শেয়ার করেন তিনি।
সেই পোস্টে শচিন জানান, ‘ষষ্ঠ বিশ্বকাপ জয়ে অস্ট্রেলিয়াকে অভিনন্দন। বড় মঞ্চের সবচাইতে গুরুত্বপূর্ণ দিনটিতে তারা ভাল ক্রিকেট খেলেছে।’
নিজের দেশের ক্রিকেটারদের পাশে দাঁড়াতে ভোলেননি তিনি। লিখেছেন, ‘দুর্ভাগ্য টিম ইন্ডিয়া। ঝকমকে আসরের মাঝে একটা খারাপ দিন হৃদয় ভাঙার কারণ হতে পারে। আমি সকল ক্রিকেটার, সমর্থক ও শুভানুধ্যায়ীরা কী যন্ত্রণার মধ্য দিয়ে সময় পার করছেন তা কল্পনা করতে পারি। পরাজয় খেলারই অংশ কিন্তু মনে রাখতে হবে এই দলটা আসরজুড়ে আমাদের জন্যই তাদের সর্বোচ্চটুকু নিংড়ে দিয়েছে।’
আর সবার মতো ভারতের হারে শচিনের হৃদয়েও রক্ত ঝড়েছে নিশ্চিত।
