সুনামগঞ্জ-৪ আসনে নৌকার মনোনয়ন ফরম কিনলেন দুই ভাই, চলছে সমালোচনা

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৯:০৮ পিএম

সুনামগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন আপন দুই ভাই। গত রবিবার (১৯ নভেম্বর) সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট এবং একই দিনে তার ছোট ভাই জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল একই আসনে মনোনয়ন কিনেছেন।

জেলা আওয়ামী লীগ ও যুবলীগের র্শীষ দুই পদে থেকেও একই আসনে আপন দুই ভাইয়ের মনোনয়ন ফরম কেনা নিয়ে এলাকায় চলছে আলোচনা-সমালোচনার ঝড়। 

সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল জানান, ‘মনোনয়ন ফরম সবার কেনার অধিকার আছে। আমরা একই আসনে দুই ভাই কিনেছি, দেখা যাক কী হয়।’

এই বিষয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট দেশ রূপান্তরকে বলেন, ‘সুনামগঞ্জ-৪ আসনে অনেক স্বপ্ন আর আশা নিয়ে আমি মনোনয়ন কিনেছি। আমি জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি ভরসা আর বিশ্বাস রেখে আমাকেই নৌকা প্রতীক দেবেন।’ 

তিনি আরও বলেন, ‘আমরা আপন ছোট ভাই সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়ন কিনেছে- বিষয়টি আমি জানি। সে কিনতেই পারে- কারণ মনোনয়ন কেনার অধিকার সবার আছে, তবে নেত্রী যাকে নৌকা প্রতীক দেবেন আমরা তার হয়ে মাঠে কাজ করে যাব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত