ভারত সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন ওয়ার্নার

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১১:২২ এএম

শুরুতে দলে থাকলেও শেষ পর্যন্ত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ডেভিড ওয়ার্নার। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না অস্ট্রেলিয়ার এই ওপেনার। তার জায়গায় অলরাউন্ডার অ্যারন হার্ডিকে দলে যোগ করেছে অজিরা।

ওয়ার্নারের মতো এই সিরিজে থাকছেন না বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স, দুই পেসার জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক এবং দুই অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও মিচেল মার্শ। ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ শেষেই দেশ ফিরছেন তারা।

ঘরের মাঠ সিডনিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলবেন ওয়ার্নার, আগেই এই ঘোষণা দিয়ে রেখেছিলেন তিনি। টানা ক্রিকেটের মধ্যে থাকার ক্লান্তি-শ্রান্তি কাটিয়ে সতেজ হয়ে হয়তো ক্যারিয়ারের শেষ টেস্টটি খেলতে চান ওয়ার্নার।

বিশ্বকাপের মাত্র চার দিন পর শুরু হতে যাওয়া এই সিরিজ অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ। এ সিরিজ দিয়েই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে তারা। ভারতের বিপক্ষে এই পাঁচ ম্যাচ ছাড়া বিশ্বকাপের আগে আর মাত্র ছয়টি টি-টোয়েন্টি খেলার সুযোগ পাবে অজিরা। ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের দুটি সিরিজ খেলবে তারা।

ভারতের বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড। ধারণা করা হচ্ছে, এ সংস্করণে অস্ট্রেলিয়ার স্থায়ী অধিনায়কত্ব পেতে পারেন অলরাউন্ডার মিচেল মার্শ। তার অধীনেই গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার সফরে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া।

ভারতের বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও থাকছেন না। তার জায়গায় দায়িত্ব সামলাবেন অ্যান্ড্রে বোরোবিচ।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল: ম্যাথু ওয়েড (অধিনায়ক), জেসন বেহরেনডর্ফ, শন অ্যাবট, টিম ডেভিড, নাথান এলিস, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, তানভীর সাঙ্গা, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, অ্যারন হার্ডি, অ্যাডাম জাম্পা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত