‘মেসিকে নিয়ে না ভাবা অসম্ভব’, বললেন ব্রাজিল কোচ

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১২:২৯ পিএম

সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। কারো কারো নজরে তো তিনি সর্বকালের সেরাদের একজন। প্রতিপক্ষ দলে যখন এমন একজন ফুটবলার থাকবেন, তাকে নিয়ে না উদ্বিগ্ন না হয়ে তো উপায় নেই। ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ ফের্নান্দো দিনিজ তো সরাসরিই বললেন, মেসিকে নিয়ে দুশ্চিন্তা না করা অসম্ভব।

২০২৬ বিশ্বকাপের জন্য লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে কাল মাঠের লড়াই নামবে ফুটবল বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় শুরু দুই দলের ম্যাচ।

ক্যারিয়ারে অসংখক রেকর্ড, কীর্তি গড়েছেন মেসি। জিতেছেন প্রচুর ট্রফি। তার পায়ের জাদুতে মোহাবিষ্ট ফুটবল দুনিয়ার বিশাল একটি অংশ। ৩৬ বছর বয়সে এসে যেন তার পায়ের ধার কমেনি একটুও। গত বছরই আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দিয়েছেন তিনি জাদুকরী ফুটবল খেলে।

সেই মেসির মুখোমুখি হতে হবে এবার ব্রাজিলকে। দিনিজ বললেন, ‘অবশ্যই, আপনি এত বড় খেলোয়াড়কে নিয়ে চিন্তিত না হয়ে থাকতে পারেন না। কিন্তু আমাদেরকে নিজেদের খেলাটা খেলতে হবে…মেসিকে সামলানো অবশ্যই আলাদা ভিন্ন ব্যাপার এবং আপনাকে উদ্বিগ্ন হতেই হবে। তার মানের একজন খেলোয়াড়কে নিয়ে এবং তার যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটা নিয়ে চিন্তা না করা অসম্ভব।’

আর্জেন্টিনার বিপক্ষে এই লড়াইয়ে ব্রাজিল পাচ্ছে না ভিনিসিউস জুনিয়র ও নেইমারকে। তারকা দুই ফরোয়ার্ড লড়ছেন চোটের সঙ্গে। তাদের অনুপস্থিতিতেও আর্জেন্টিনাকে রুখে দিতে আশাবাদী দিনিজ।

ঘরের মাঠে সমর্থকদের পাশে চাইলেন ব্রাজিল কোচ ‘আশা করি, আমরা ভালো খেলব। দারুণ পরিবেশ তৈরি করে সমর্থকরাও দলের সঙ্গে খেলায় অংশ নিতে পারে। বিশ্বের সেরা না না হলেও সেরা দলগুলোর একটি সঙ্গে খেলতে আমরা প্রস্তুত। শুধু বিশ্বকাপ জেতার জন্য নয়, লম্বা একটা সময় ধরেই তারা দারুণ খেলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত