জাতীয় দলে ব্যর্থ লাউতারোকে নিয়ে চিন্তিত নন আর্জেন্টিনা কোচ

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৪:৪১ পিএম

ক্লাব ফুটবলে দুর্দান্ত ছন্দে আছেন লাউতারো মার্তিনেস। চলতি মৌসুমে ইন্টার মিলানের হয়ে একের পর এক গোল করে চলেছেন তিনি। এই ফরোয়ার্ডই আর্জেন্টিনার হয়ে মাঠে নামলে যেন হারিয়ে ফেলেন নিজেকে। এতে অবশ্য চিন্তিত নন দলটির কোচ লিওনেল স্কালোনি।

আগামীকাল বাংলাদেশ সময় ভোরে ব্রাজিলের ঘরের মাঠ ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবর, চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে শুরুর একাদশে লাউতারোকে রাখতে পারেন স্কালোনি। উরুগুয়ের বিপক্ষে বদলি হিসেবে নেমেছিলেন তিনি।

ইন্টার মিলানের হয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে ১৪ গোল করেছেন লাউতারো। দুটি গোলে করেছেন অ্যাসিস্ট। ক্লাব ফুটবলে তার ফর্ম আন্তর্জাতিক আঙিনায় প্রতিফলিত হয় না। এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ৫৩ ম্যাচে গোল করেছেন মোটে ২১টি। সবশেষটি ২০২২ সালের সেপ্টেম্বরে।

জাতীয় দলে লাউতারোর এই ফর্মহীনতা নিয়ে বিচলিত নন স্কালোনি। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগের দিন বললেন, পরিসংখ্যানে খুব একটা গুরুত্ব দেন না তিনি।

স্কালোনির ভাষায়, 'আমাদের দেখতে হবে সে কতগুলো ম্যাচ খেলেছে। ''জাতীয় দলের হয়ে এক বছর গোল করছে না'' বলা মানে ১৫ ম্যাচের কথা বলা হচ্ছে। কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি শুটআউটে লাউতারো গোল করেছে, যেটা ছিল খুবই গুরুত্বপূর্ণ।'

আর্জেন্টিনা কোচ আরও যোগ করেন, 'আমি পরিসংখ্যানের খুব বড় ভক্ত নই। সে ইন্টারের (মিলান) হয়ে প্রায়ই গোল করে। একই অবস্থা জুলিয়ান আলভারেসেরও যে ম্যান সিটির হয়ে প্রায়ই গোল করে। তাই আমি তাদের নিয়ে চিন্তিত নই। এটা স্পষ্ট যে, তাদের গোল করার সামর্থ্য আছে। তাই আমি তাদের নিয়ে উদ্বিগ্ন নই। দু'জনের মধ্যে একজনকে বেছে নেওয়া কঠিন।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত