ব্যাটিংয়ে দারুণ দুটি ইনিংসের পর বল হাতেও সুনিপুণ নাসুম আহমেদ। তার স্পিন ঘূর্ণিতে কুপোকাত হয়েছে রংপুর বিভাগ। বড় লক্ষ্যে অল্পেই গুটিয়ে গেছে তারা। তাতে জয় দিয়ে লিগ শেষ করেছে সিলেট বিভাগ।
জাতীয় ক্রিকেট লিগে ২৫তম আসরের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে ২০১ রানে জিতেছে সিলেট। প্রথম স্তরের ম্যাচটিতে ৩৮৭ রানের লক্ষ্যে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর গুটিয়ে গেছে ১৮৫ রানে। প্রথম ইনিংসে সিলেট অলআউট হয় স্রেফ ১২৫ রানে। জবাবে ১৮১ রান করে রংপুর পায় ৫৬ রানের লিড। দ্বিতীয়বারে শামসুর রহমানের সেঞ্চুরিতে ৪৪২ রানের স্কোর গড়ে রংপুরকে বড় লক্ষ্য দেয় সিলেট।
ছয় ম্যাচে সিলেট দ্বিতীয় জয় পেল। তিন নম্বরে থেকে লিগ শেষ করল তারা। স্রেফ একটি জয়ে তলানিতে থেকে শেষ হলো রংপুরের লিগ।
ব্যাট হাতে দুই ইনিংসে অপরাজিত ৩২ ও ৭১ রান করা নাসুম দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে ধরেছেন ৩৩ রানে ৬ শিকার। তার হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। প্রথম শ্রেণির ক্যারিয়ারে নবমবার ৫ উইকেট পেলেন তিনি।
আগের দিনই জয়ের পথে অনেকটা এগিয়ে যায় সিলেট। ৪ উইকেটে ১১০ রান নিয়ে মঙ্গলবার খেলতে শেষ ৬ উইকেটে আর ৭৫ রান করতে পারে রংপুর। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন তানবির হায়দার। আব্দুল গাফফারের ১৯ বলে ৩৩ রানের সৌজন্যে দেড়শ পেরোয় তারা।
সদ্য সমাপ্ত জাতীয় লিগের সেরা পাঁচ ব্যাটসম্যান
ক্রিকেটার দল ইনিংস রান সর্বোচ্চ গড়
মুমিনুল হক চট্টগ্রাম ৯ ৪৭৫ ৯৪ ৫২.৭৭
নাঈম ইসলাম ঢাকা মেট্রো ৯ ৪৫৩ ২২১ ৭৫.৫০
সাদমান ইসলাম ঢাকা মেট্রো ৯ ৪৫৩ ২৫০ ৫৬.৬২
শামসুর রহমান সিলেট ৮ ৪৪৬ ১৬০ ৫৫.৭৫
মোহাম্মদ নাঈম ঢাকা মেট্রো ১০ ৪৪৪ ১২০ ৪৯.৩৩
সদ্য সমাপ্ত জাতীয় লিগের সেরা পাঁচ ব্যাটসম্যান
ক্রিকেটার দল ইনিংস উইকেট সর্বোচ্চ গড়
নাঈম হাসান চট্টগ্রাম ১২ ৩৬ ৭/৭৫ ১৫.৮৮
তাইজুল ইসলাম রাজশাহী ৮ ২৬ ৭/৭৬ ২৪.৩৮
নাজমুল ইসলাম ঢাকা ১০ ২৫ ৬/৫৬ ১৫.৪৪
তানভীর ইসলাম বরিশাল ১০ ২৫ ৫/৯ ১৮.৬৮
হাসান মুরাদ চট্টগ্রাম ৮ ২৪ ৬/২১ ১৬.২৫
