বিক্রীত জমি বন্ধক রেখে ২৭০ কোটি ঋণ রফিকের

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৮:২৫ এএম

তথ্য গোপন করে বিক্রি করে দেওয়া জমির দলিল বন্ধক রেখে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে ২৭০ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ২০২২ সালের শেষের দিকে এসব জমি বিক্রি করে দিলেও ঋণ নেওয়া হয়েছে চলতি বছরের জুন মাসে। ঋণের টাকা কোথায় ও কোন খাতে বিনিয়োগ করা হয়েছে, সে বিষয়ে কিছুই জানে না ব্যাংক কর্র্তৃপক্ষ। বিশ্লেষকরা বলছেন, একটি সংঘবদ্ধ চক্র প্রতিনিয়ত এসব কাজ করছে। ব্যবস্থা না নিলে এটি বন্ধ হবে না।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি বছরের ২২ জুন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম, তার ছেলে মেহেদী হাসান দীপু, কাউসার আহমেদ অপু ও দীপুর স্ত্রী মালিহা হোসেন জোয়ার সাহারা, ভাটারা ও গুলশান মৌজার ৩৩৭ দশমিক ৫৯ ডেসিম্যাল জমি বন্ধক রেখে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বসুন্ধরা শাখা থেকে ২৭০ কোটি ঋণ নিয়েছেন। এর মধ্যে ভাটারা মৌজার চারটি প্লটে রফিকুল ইসলামের বিক্রি করে দেওয়া ৯৩ দশমিক ৮৭ শতাংশ জমিও রয়েছে।

ব্যাংকে দেওয়া নথি থেকে জানা গেছে, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি ইস্টওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্টের কাছ থেকে এওয়াজ বদল দলিল মূলে জমির মালিক হয়েছিলেন। এর মধ্যে ভাটারা মৌজার ই-ব্লকের ৪৮২, ৪৮৩, ৪৮৪, ৪৮৭, ৪৮৮ ও ৪৮৯ প্লটের ২৮ দশমিক ১৩ শতাংশ; ৫০৭, ৫০৮, ৫১১ ও ৫১২ প্লটের ১৫ দশমিক ৫৩ শতাংশ; ৫৩০, ৫৩১, ৫৩২, ৫৩৩, ৫৩৪ ও ৫৩৫ প্লটের ২২ দশমিক ৭০ শতাংশ এবং ৫৫১, ৫৫২, ৫৫৬, ৫৫৭ ও ৫৫৮ প্লটের ২৭ দশমিক ৫১ শতাংশ জমি রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এসব জমি ওই বছরের ১৮ এপ্রিল সোশ্যাল ইসলামী ব্যাংকে বন্ধক রেখে ঋণ নিলেও রফিকুল ইসলাম তা পরিশোধ করে দেন ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর। একই দিন এসব জমির মধ্যে ৪৮২, ৪৮৩, ৪৮৪, ৪৮৭, ৪৮৮ ও ৪৮৯ প্লটের ২৮ দশমিক ১৩ শতাংশ এবং ৫৩০, ৫৩১, ৫৩২, ৫৩৩, ৫৩৪ ও ৫৩৫ প্লটের ২২ দশমিক ৭০ শতাংশ আবুল কাশেম গংদের কাছে বিক্রি করে দিয়েছেন তিনি। ২০২২ সালের ২১ নভেম্বর ৫৫১, ৫৫২, ৫৫৬, ৫৫৭ ও ৫৫৮ প্লটের ২৭ দশমিক ৫১ শতাংশ জমি ইমরান করিমের কাছে এবং গত বছরের ২৩ ফেব্রুয়ারি তামান্না সুলতানার কাছে ৫০৭, ৫০৮, ৫১১ ও ৫১২ প্লটের ১৫ দশমিক ৫৩ শতাংশ জমি বিক্রি করে দিয়েছেন রফিক।

রফিক বিক্রি করে দেওয়ার পর ইস্টওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট কর্র্তৃপক্ষ ইমরান করিমের জমির মালিকানা পরিবর্তনের অনুমোদন দিয়েছে গত বছরের ৮ ডিসেম্বর। আবুল কাশেম গংদের মালিকানাধীন ২৮ দশমিক ১৩ শতাংশ ও তামান্না ইসলামের ১৫ দশমিক ৫৩ শতাংশ জমির মালিকানা পরিবর্তন হয়েছে চলতি বছরের ৩১ জানুয়ারি। এ ছাড়াও আবুল কাশেম গংদের মালিকানাধীন ২২ দশমিক ৭০ শতাংশের আরেকটি প্লটের মালিকানা পরিবর্তন হয়েছে এ বছরের ১৯ মার্চ।

এসব বিষয়ে গতকাল বুধবার ফার্স্ট সিকিউরিটি ইসলামের বসুন্ধরা শাখায় যোগাযোগ করা হলে অপারেশন ম্যানেজার এইচ এম ফখরুল আলম সরকার বলেন, ঋণ বিতরণের আগে ব্যাংকের বিনিয়োগ বিভাগ, প্যানেল আইনজীবী ও তৃতীয় পক্ষের মাধ্যমে নথি যাচাই ও সরেজমিনে পরিদর্শন করা হয়। যথাযথ প্রক্রিয়ার বাইরে কাউকে ঋণ দেওয়ার প্রশ্নই ওঠে না।

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামকে দেওয়া ঋণের বন্ধকি জমি আগেই বিক্রি করা হয়েছেথ এমন প্রশ্নের জবাবে ফখরুল আলম বলেন, ‘আমরা ঋণ বিতরণের আগে ভূমি অফিসে সার্চ করে জমির মালিক হিসেবে রফিকুল ইসলামকেই পেয়েছি। এ ধরনের অভিযোগ এলে আমরা সার্চ করব, ব্যাংকের আইনজীবী বিষয়টি খতিয়ে দেখবেন। এটা আমাদের নৈতিক দায়িত্ব। বিক্রীত জমি বন্ধক রেখে ঋণ নেওয়ার প্রমাণ পাওয়া গেলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব।’ আপনাদের বন্ধক নেওয়া জমিতে অন্য কোম্পানি ও মালিকের সাইনবোর্ডের বিষয়ে তিনি বলেন, ‘আমরা সাইনবোর্ড ঝুলিয়ে ছিলাম। হয়তো কেউ ভেঙে ফেলেছে।’ 

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে রফিকুল ইসলামের বন্ধক দেওয়া চারটি প্লটের মালিকানার বিষয়ে গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নাম স্থানান্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, বর্তমানে এসব জমি রফিকুল ইসলামের মালিকানায় নেই। 

এ বিষয়ে জানতে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের মোবাইল ফোনে কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

সরেজমিনে দেখা যায়, তফসিলি জমি উপরোল্লিখিত জমির মালিকদের ভোগ-দখলে রয়েছে। তামান্না ইসলামের জমিতে ১৪-তলা আবাসিক ভবন নির্মাণ শুরু করেছে সুবাস্তু প্রপার্টিজ। আবুল কাশেমের মালিকানাধীন ৪৮২, ৪৮৩, ৪৮৪, ৪৮৭, ৪৮৮ ও ৪৮৯ প্লটের ২৮ দশমিক ১৩ শতাংশ এবং ৫৩০, ৫৩১, ৫৩২, ৫৩৩, ৫৩৪ ও ৫৩৫ প্লটের ২২ দশমিক ৭০ শতাংশ জমিতে ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেডও বহুতল ভবন নির্মাণের সাইনবোর্ড টানিয়ে রেখেছে। ৫৫১, ৫৫২, ৫৫৬, ৫৫৭ ও ৫৫৮ প্লটের ২৭ দশমিক ৫১ শতাংশ জমি ইমরান করিম সীমানাপ্রাচীর দিয়ে ঘিরে রেখেছেন।

জানা গেছে, প্রতারণা ঠেকাতে বসুন্ধরা আবাসিক এলাকার জমি বন্ধক রেখে ঋণ দেওয়া অথবা তৃতীয় পক্ষের কাছে বেচাকেনার আগে ইস্টওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের কাছ থেকে অনাপত্তিপত্র নেওয়ার নির্দেশনা রয়েছে। এ বিষয়ে তফসিলি ব্যাংকগুলোতে চিঠিও পাঠিয়েছে ইস্টওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড।

ইমরান করিমের জমি বন্ধক রাখার বিষয়ে অ্যাডভোকেট মলয় কুমার রায় বলেন, ‘গত বছরের ১৮ ডিসেম্বর আমার মক্কেল ইমরান করিমের নামে জমির নামজারি করা হয়েছে। আমাদের জমি বন্ধক রেখে রফিকুল ইসলামের ঋণ নেওয়ার বিষয়টি গত মঙ্গলবার অবগত হয়েছি। কোনোভাবেই একজন আরেকজনের জমি ব্যাংকে বন্ধক রাখতে পারেন না। এটা প্রতারণা এবং জালিয়াতি। এখানে ব্যাংকেরও যোগসাজশ থাকতে পারে। এমনটি হলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত