ঢাকা দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামিম মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ও পরে নাশকতার অভিযোগ এনেছে পুলিশ। পুলিশ বলছে, ওই দিন পল্টনে বিএনপির দলীয় কার্যালয় এলাকা এবং রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলায় নেতৃত্ব দিয়েছিলেন এই নেতা।
গতকাল বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এর আগে গত মঙ্গলবার রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন বলেন, ‘শামিম পল্টন পার্টি অফিস ও রাজারবাগ পুলিশ হাসপাতালে নাশকতার জন্য ঢুকেছিল। ব্যাগে করে ককটেল নিয়ে সে মুহুর্মুহু বিস্ফোরণ ঘটিয়েছে। ৫ নভেম্বর সবুজবাগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। সেদিন জব্দ করা মোটরসাইকেলের সূত্র ধরে শামিমকে শনাক্ত করা হয়।’
এদিকে গতকাল বুধবার ভোরে রাজধানীর পল্লবীতে পার্কিং করা অবস্থায় বসুমতী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগকারী হিসেবে মারুফকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপি নেতা সাজ্জাদ কাউন্সিলর ও জসিমের নির্দেশে এবং তাদের প্রত্যক্ষ সহায়তায় ও প্ররোচনায় কেরোসিন ঢেলে এই বাসে আগুন দেয় বলে জানায় পুলিশ।
এ ছাড়া মোহাম্মদপুরের টাউনহল এলাকায় গতকাল বাসে আগুন দিয়ে পালানোর সময় একজনকে আটক করে ট্রাফিক পুলিশ। তেজগাঁও ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, মোহাম্মদপুর জোনের সার্জেন্ট পলাশ কুমার রায় প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালানোর সময় মো. মামুন নামে ওই যুবককে আটক করেন।
এদিকে মঙ্গলবার রাতে ফকিরাপুলের একটি বাড়িতে অভিযান চালিয়ে যুবদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন মুগদা যুবদল নেতা মো. বাবুল মিয়া (৪০) এবং মো. মাসুদ শেখ (৪৫)। গতকাল র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। র্যাব-৩-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, বাবুল মুগদা থানাধীন ৭২ নম্বর ওয়ার্ডের যুবদল নেতা। তিনি মুগদা থানার যুবদলের পদপ্রত্যাশী। দলের উচ্চপর্যায় থেকে তাকে নাশকতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করলে উচ্চপদ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে তিনি মুগদা থানার যুবদল নেতা জসীমউদ্দিন বাবু ও মো. আল মামুন পান্নার সহযোগিতায় উচ্চ বিস্ফোরণ ক্ষমতাসম্পন্ন বোমা তৈরির বিপুল পরিমাণ বিস্ফোরক পাউডার সংগ্রহ করে নিজের কাছে মজুদ রাখেন। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতার মামলায় ৭ জনকে গ্রেপ্তার করে র্যাব-১০।
