নারায়ণগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১০:৫২ এএম

নারায়ণগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পিটুনিতে ঘটনাস্থলেই মারা যায় সে। নিহতের নাম হবিবুর রহমান হাবু। বুধবার (২২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ কাচারিগল্লি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান ওরফে হাবু শহরের ২নং বাবুরাইল এলাকার মৃত শাহজাহান ওরফে শাহাজালাল ওরফে ফরাদের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হাবিবুর রহমান ওরফে হাবু শহরের দুর্ধর্ষ ছিনতাইকারী। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল শহরবাসী। গত ২-৩ দিন যাবত শহরের নিতাইগঞ্জ কাচারিগল্লি এলাকায় লোকজনকে মারধর করে সাথে থাকা সবকিছু ছিনিয়ে নিত হাবু ও তার লোকজন। এরই ধারাবাহিকতায় বুধবার মধ্যরাতে আবার ওই এলাকায় প্রবেশ করে সাধারণ মানুষকে মারধর করে জিনিসপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় তার সাথে থাকা আরও দু’জন পালিয়ে যায়।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, গণপিটুনিতে ওই ছিনতাইকারী মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হাবুর বিরুদ্ধে থানায় সাতটি ছিনতাই মামলা রয়েছে। এছাড়া গণপিটুনি দিয়ে হত্যার বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত