লুঙ্গি কিনে টাকা না দেওয়ায় দুই বছরের জেল

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১০:৫৩ পিএম

ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে লুঙ্গি কিনে টাকা পরিশোধ না করে প্রতারণার দায়ে একজনকে দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইবুনাল আদালত। তার নাম আমজাদ হোসেন কিরণ (৪৪)। আজ বৃহস্পতিবার দুপুরে সাইবার ট্রাইবুনালের বিচারক মো. জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন। 

রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ইসমত আরা বেগম বলেন, ২০২২ সালের জুন মাসে একটি লুঙ্গি কোম্পানির কাছে থেকে প্রথমে ফেসবুকের মাধ্যমে কিছু নমুনা অর্ডার করেন আমজাদ হোসেন কিরণ। পরে সেগুলোর টাকাও পরিশোধ করেন বিকাশের মাধ্যমে। এরপর আবার ৩ লাখ ৩২ হাজার ২৮০ টাকার লুঙ্গি ফেসবুকের মাধ্যমে অর্ডার করেন। পরে মাল পাওয়ার পর থেকেই তিনি ফোন নম্বর ও ফেসবুকে যোগাযোগ বন্ধ করে দেন। এই ঘটনার পর জুলাই মাসের ২৪ তারিখ বুলবুল হোসেন বাদী হয়ে বেলকুচি থানায় মামলা দায়ের করেন। এই মামলার রায় আজ ঘোষণা করেন আদালত। 

এই মামলায় আসামি কিরণকে আদালত দুইটি ধারায় এক বছর করে দুই বছর ও নগদ ১০ লাখ টাকা অর্থদণ্ড ও আনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত