পেশাজীবীদের ওপর ভয়াবহ নির্যাতন চলছে: এ্যাব

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১০:৪৪ পিএম

বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উপদেষ্টা ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুর গ্রেপ্তারে নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তার নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছে প্রকৌশলীদের সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাব। 

সংগঠনের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু ও মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ আজ শুক্রবার এক বিবৃতিতে বলেন, বর্তমান অবৈধ ফ্যাসিবাদী সরকার বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েমের মাধ্যমে দেশের সমস্ত বিরোধীমত দমন করছে। এমনকি পেশাজীবীদের ওপরও ভয়াবহ নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় জাতীয় প্রেসক্লাবের সামনে পেশাজীবী সমাবেশ ও মিছিল শেষে গাজীপুরে যাওয়ার সময় গাজীপুরের ধীরাশ্রম নামক স্থান থেকে ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুকে র‌্যাবের একটি দল আটক করেছে। বিষয়টি নিন্দনীয় এবং ন্যাক্কারজনক।

তারা বলেন, এভাবে দেশ চলতে পারে না। এভাবে গুম, খুন, মামলা, হামলা, গ্রেপ্তার নির্যাতনসহ রাষ্ট্রীয় সন্ত্রাস চালালে দেশে কোনো ভাল মানুষ থাকতে পারবে না এবং দেশ মেধাশুন্য হয়ে যাবে।
 
নেতৃদ্বয় বলেন, পেশাজীবী সংগঠন এ্যাব সরকারের সুস্পষ্ট ও পূর্ব পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে নির্বাচন কমিশনের মাধ্যমে ঘোষিত নির্বাচনের তফসিল সম্পূর্ণরুপে আবারও প্রত্যাখ্যান করছে ও স্থগিতের দাবি জানাচ্ছে। সেইসঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর ও আলতাফ হোসেন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব, ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন এবং এ্যাব এর সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আহমেদ হোসাইনসহ সকল রাজবন্দির আশু মুক্তি দেওয়ার মাধ্যমে ও সরকারের এজেন্ডা বাস্তবায়ন থেকে সরে এসে দেশ ও জনগণের জন্য মঙ্গলজনক পদক্ষেপের আহ্বান জানাচ্ছে।

এছাড়াও ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত