দলছুটদের দিয়ে নতুন দল বানাচ্ছে সরকার : রিজভী

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৬:০১ এএম

রাষ্ট্রীয় অর্থ লোপাট করে ‘দলছুটদের’ দিয়ে সরকার নতুন দল বানাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শুক্রবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘জনপ্রিয় কোনো রাজনৈতিক দল কখনো অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভাগিয়ে নেয় না। এই কাজটা করে গ্রাম্য মোড়ল, গ্রাম টাউট, বাজে লোক তারা। দলের মধ্যে নানাভাবেই সুবিধাবাদীরা ঢুকে পড়ে, উচ্ছিষ্টভোগীরা ঢুকে পড়ে.. লোকগুলোকেই তারা পায়। এরশাদের সময়ে আমরা দেখেছি, এসব লোকগুলোকে নিয়ে এরশাদ দল গঠন করেছে, সরকার গঠন করেছে। শেখ হাসিনাও এখন ওই কায়দা অনুকরণ করছে অনুসরণ করছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি এবং সমমনা দলগুলো থেকে লোক ভাগানোর জন্য তিনি (শেখ হাসিনা) তার গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন এবং  তারা সেই কাজটি করছে। একজন একজনকে নানাভাবে প্রলোভন দেখিয়ে, নতুন দলের একেকটা অদ্ভুত অদ্ভুত নাম দিয়ে তাদের নিয়ে যাচ্ছে এবং নমিনেশনে তাদের জেতানো হবে বলে অথবা টাকা পয়সার লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একদিকে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে জনগণকে দমন করার জন্য যত ধরনের নিষ্ঠুর পদক্ষেপ আছে সেগুলো তিনি গ্রহণ করছেন, অন্যদিকে চলছে রাষ্ট্রীয় টাকা লোপাট করে দলছুটদের নিয়ে দল বানানোর কারসাজি।’

সরকার কেনো এসব কাজ করছে তার ব্যাখায় বিএনপির এ নেতা বলেন, ‘কারণ প্রধানমন্ত্রীর তো জনগণের কাছে যাওয়ার উপায় নেই, তিনি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হলে জিতবেন না, এই জিতবেন না’র কারণে, তিনি যত ধরনের গণবিরোধী কাজ, যত ধরনের দুর্বিনীত কাজ, যত ধরনের দুরাচারমূলক কাজ সেই কাজগুলো তিনি এখন করছেন নির্বাচনকে সামনে রেখে।’

রিজভী বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে জেনেছি আমরা যে, ৪২৮টি কেন্দ্র র‌্যাবের জন্য বানানো হচ্ছে সারা দেশে। এদের কাজ কী? সুষ্ঠু নির্বাচনের জন্য একটি গণতান্ত্রিক দেশে আইনশৃঙ্খলা বাহিনীকে এভাবে নিয়োগ করা হয়? সেখান থেকে তারা কী করবে?’

পেশাজীবী সমাবেশ থেকে ফেরার পথে গতকাল শুক্রবার র‌্যাবের হাতে বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর গ্রেপ্তার হওয়ার ঘটনা তুলে ধরে তিনি বলেন, ‘একজন অভিজ্ঞ সিনিয়র চিকিৎসক তিনি। আজকে সকালে পেশাজীবীদের একটি অনুষ্ঠান শেষে ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাকে গ্রেপ্তারের যে দৃশ্য এটাই হচ্ছে বিস্ময়কর। বাংলাদেশে এরা যদি আরও কতদিন টেকে, কোনো ভদ্রলোক বাংলাদেশে বাস করতে পারবে না।’

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘প্রাপ্ত তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় ৪১০ জনের অধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। মামলা হয়েছে ১৭টি, আসামি করা হয়েছে ১ হাজার ৯২০ জনের অধিক নেতাকর্মী (এজাহারনামীয়সহ অজ্ঞাত) এবং আহত হয়েছেন ১০০ জনের অধিক নেতাকর্মী।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত