দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনই রাজশাহীতে মারা গেছে।
একই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪৫ জন রোগী। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকায় ১৫৪ জন এবং ঢাকার বাইরে ৪৯১ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৮৪৮ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। ঢাকার হাসপাতালে ১ হাজার ৫০ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ২ হাজার ৭৯৮ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩ লাখ ৬ হাজার ৪৩৭ জন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৬ হাজার ৬৭৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছে ১ লাখ ৯৯ হাজার ৭৫৯ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩ লাখ ১ হাজার ছয়জন। ঢাকায় ১ লাখ ৪ হাজার ৭০৬ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৯৬ হাজার ৩০০ জন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৫৮৩ জন। এর মধ্যে ঢাকায় ৯২২ জন এবং ঢাকার বাইরে ৬৬১ জন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তাদের মৃত্যু হয়। গতকাল হাসপাতালের পরিচালক ব্র্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
চলতি বছর এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। এর আগে এক দিনে দুইজনের মৃত্যুর রেকর্ড ছিল। এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ বছর ডেঙ্গুতে মৃত্যু হলো ৩৪ জনের।
মারা যাওয়া চারজন হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাবিউল ইসলাম (৪২), নওগাঁর আত্রাই উপজেলার মো. ফারুক (৪৩), রাজশাহীর বাঘা উপজেলার মো. আরাফাত (১৪) ও রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা এলাকার পুলক কুমার চক্রবর্তী (৭০)।
