দিল্লিতে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল আফগান দূতাবাস

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১২:০৬ পিএম

ভারতের নয়াদিল্লিতে দূতাবাস স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে আফগানিস্তান। কারণ হিসেবে ভারত সরকারের একের পর এক চ্যালেঞ্জ এবং কূটনৈতিক সহায়তা না থাকাকে দায়ী করেছে দেশটি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দেয় আফগানিস্তান। তবে বৃহস্পতিবার থেকেই সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে আফগান দূতাবাস।

এর আগে গত ১ অক্টোবর থেকেই কার্যক্রমে বিরতি ঘোষণা করেছিল দূতাবাস কর্তৃপক্ষ। ফলে ভারতে আফগান শরণার্থী, ছাত্র এবং ব্যবসায়ীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

গত দুই বছর তিন মাসে ভারতে আফগান শরণার্থী সম্প্রদায়ের উল্লেখযোগ্য পতন ঘটেছে। শিক্ষার্থী ও ব্যবসায়ীরা দেশ ছাড়ছেন। আগস্ট ২০২১ থেকে এই সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেছে। দূতাবাস জানিয়েছে, এই সময়ের মধ্যে খুব সীমিত নতুন ভিসা দেওয়া হয়েছে।

ভারত সরকারের ক্রমাগত চ্যালেঞ্জের কারণে এটি ঘটেছে বলে আফগান দূতাবাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়।

এ ছাড়া ২৩ নভেম্বর ২০২৩ থেকে নয়াদিল্লিতে আফগান কূটনৈতিক মিশন স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করা হয় বিবৃতিতে।

দূতাবাস বলেছে যে, আট সপ্তাহ অপেক্ষা করেও, কূটনীতিকদের জন্য ভিসার মেয়াদ বাড়ানো এবং ভারত সরকারের আচরণে পরিবর্তনের উদ্দেশ্যগুলো অর্জন করা যায়নি।

পাশাপাশি বলে হয়েছে তালেবান এবং ভারত সরকার উভয়ই দূতাবাসের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার জন্য চাপ অব্যাহত রাখার কারণে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল দূতাবাসকে।

আফগান দূতাবাস বন্ধের ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মূলত ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করা পর থেকে এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি ভারত। এমনকি কাবুলের সঙ্গে দিল্লির এখন কোনো কূটনৈতিক সম্পর্কও আর নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত