রওশন এরশাদ তিনটি মনোনয়ন ফরম চেয়েছেন : চুন্নু 

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১১:০৮ পিএম

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু দাবি করেছেন, দল জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ। কোনো দ্বিধাদ্ব›দ্ব নেই। জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে। রওশন এরশাদ ফোন করেছিলেন। তিনি নিজের, সাদ এরশাদ এবং ময়মনসিংহ-৬ আসনে ডা. কে আর ইসলামের জন্য তিনটি মনোনয়ন ফরম চেয়েছেন। রওশন এরশাদ লোক পাঠালে ফরম দেওয়া হবে। প্রয়োজন হলে নিজে গিয়ে পৌঁছে দেবেন। গতকাল শনিবার সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান। 

তবে তার এই দাবি সত্য নয় বলে জানিয়েছেন রওশন এরশাদের মুখপাত্র হিসেবে পরিচিত কাজী মামুনুর রশীদ। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘কাল-পরশুর মধ্যে আমরা আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাব। ম্যাডাম (রওশন এরশাদ) কিছুটা অসুস্থ আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহ‚র্তে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা নিয়ে ব্যস্ত। এই ব্যস্ততা শেষ হলেই ম্যাডামের নেতৃত্বে আমরা গণভবনে যাব।’ 
মনোনয়ন ফরম বিক্রি শেষে সাক্ষাৎকার পর্ব শুরু হলেও গতকাল শনিবার পর্যন্ত জাপা থেকে মনোনয়ন ফরম কেনেননি প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এবং তার অনুসারীরা। জিএম কাদেরপন্থিরা রওশন এরশাদ ও তার ছেলে রাহগির আল মাহি এরশাদ সাদকে মনোনয়ন ফরম দিতে রাজি হলেও, বাকিদের দিতে রাজি নন। অন্যদিকে রওশন এরশাদও তার দীর্ঘদিনের সহযোদ্ধাদের রেখে কোনো সমঝোতায় যেতে রাজি নন।
দুই প্রধান নেতার এমন দ্বন্ধে আবারও জাতীয় পার্টি ভাঙবে কি না এ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। সর্বশেষ গতকাল শনিবারও কয়েক দফা বৈঠক করেছেন রওশন অনুসারীরা। তারা এই মুহূর্তে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায়। 
 জিএম কাদেরের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত জাতীয় পার্টির এক নেতা বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন জিএম কাদের। একই বৈঠকে থাকতে পারেন রওশন এরশাদও। ধারণা করা হচ্ছে ওই বৈঠকেই দলের এই সংকট মীমাংসা হবে। 

এর আগে ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করে জাতীয় পার্টি এবং শেষ হয় ২৩ নভেম্বর। কিন্তু শেষ দিনেও রওশন এরশাদ ও তার অনুসারীরা মনোনয়ন সংগ্রহ না করায় এক দিন সময় বাড়ায় জাতীয় পার্টি। রওশন এরশাদ জিএম কাদেরের কাছে মনোনয়নপ্রত্যাশী তার অনুসারী নেতাদের একটা তালিকা পাঠান কিন্তু তা মানতে নারাজ জিএম কাদের। ফলে রওশনও মনোনয়ন কেনেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত