ভোটকেন্দ্রে জীবজন্তু ছাড়া ভোটার পাওয়া যাবে না : মিনু

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৬:২৪ এএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে জীবজন্তু ছাড়া ভোটার পাওয়া যাবে না। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ভোটকেন্দ্রে যে চিত্র দেখা গিয়েছিল, তারই পুনরাবৃত্তি হবে। পেটোয়া বাহিনীর দমন-পীড়নের কারণে জনগণ ভোটকেন্দ্রে যাবে না। যে নির্বাচনে ভোটার থাকে না, সেটি নির্বাচন নয়। গতকাল শনিবার বেলা ১১টায় রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিনু।

বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে পুলিশের মিথ্যে মামলা ও গ্রেপ্তার এবং বাড়ি বাড়ি গিয়ে ভাঙচুর ও পরিবারের লোকজনের অন্যায় আচরণের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মিনু জানান, সম্প্রতি ৪৬টি মামলায় এক হাজার ২৭১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে মহানগর এলাকায় ৩৫টি ও জেলায় ১১টি মামলা হয়েছে। গত ২/৩দিনে আরও মামলা এবং গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা দেড় হাজার।

এ সময় মিনু বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে এই ফ্যাসিবাদী সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে রাজশাহী জেলা, মহানগর ও সারা দেশের কেন্দ্রীয় নেতাকর্মীদের বিনা কারণে গ্রেপ্তার করে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে। বিশেষ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিসহ ত্রাণ ও খাদ্য বিষয়ক সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, রাজশাহী জেলা যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপির সদস্য অধ্যাপক সিরাজুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য মনিরুজ্জামান শরীফ, রাজপাড়া বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, শাহ মখদুম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল, মহানগর কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রবি এবং রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভসহ রাজশাহী মহানগরীর সব থানা ও ওয়ার্ড এবং রাজশাহী জেলার সব উপজেলা, পৌর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা ও জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত