ঘরের মাঠের ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে সবার মন জয় করে নিয়েছিলেন মোহাম্মদ শামি। এবার ক্রিকেট মাঠে নয়, মানবিক কাজ করে জিতে নিয়েছেন তিনি মানুষের হৃদয়। সড়ক দুর্ঘটনার শিকার হওয়া অচেনা এক ব্যক্তির জীবন বাঁচিয়েছেন ভারতীয় এই পেসার।
বিশ্বকাপ শেষে এখন ছুটিতে আছেন শামিসহ ভারতের অভিজ্ঞ ক্রিকেটাররা। পাহাড়ে বেড়াতে গিয়ে এমন পরিস্থিতির সম্মুখীন শামি। ঘটনাটি ঘটে ভারতের উত্তরাখন্ড রাজ্যের পার্বত্য শহর নৈনিতালের কাছাকাছি। পাহাড়ি রাস্তা, মনোযোগ হারালেই পড়তে হবে খাদে কিংবা পাহাড়ের তলদেশে। সেখানেই এক ব্যক্তি ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন।
ওই রাস্তা দিয়ে ঠিক সে সময় যাচ্ছিলেন শামিও। অচেনা সেই ব্যক্তিকে দুর্ঘটনায় পড়তে দেখে সঙ্গে সঙ্গে গাড়ি থামান শামি এবং তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে ইনস্টাগ্রামে সেই ঘটনার ভিডিও পোস্ট করেন শামি।
ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর একটি গাড়ি পাহাড়ি ঝোপে পড়ে আছে। গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়েছিল, নয়তো পাহাড় থেকে আরও নিচে পড়ে যেত। গাড়িতে থাকা ব্যক্তিকে শামিসহ আরও কয়েকজন বের করে আনেন। এরপর আহত ব্যক্তির হাতে শামি নিজেই ব্যান্ডেজ লাগিয়ে দেন।
ইনস্টাগ্রাম পোস্টে শামি লেখেন, ‘সে খুবই ভাগ্যবান। উপরওয়ালা তাকে দ্বিতীয় জীবন দিয়েছেন। নানিতালের কাছাকাছি আমার গাড়ির সামনে তার গাড়িটি পাহাড়ি রাস্তা থেকে নিচে পড়ে যায়। আমরা তাকে নিরাপদে বের করে আনতে পেরেছি।’
শামির সেই পোস্টে একজন লিখেছেন, ‘একটাই তো হৃদয়, আর কতবার জিতবেন?’ আরেকজন লিখেছেন, ‘মাঠ এবং মাঠের বাইরে দুই জায়গাতেই নায়ক।’
গত বছর ডিসেম্বরে গুরুতর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। প্রত্যক্ষদর্শীদের মধ্যে থেকে অনেকেই ব্যস্ত ছিলেন ঋষভের দামি জিনিসপত্র চুরি করতে। সবাই সমান হন না। তাদের মধ্যে থেকেই দু-জন দ্রুত ঋষভকে হাসপাতালে নিয়ে যায়। তারা চিনতেনও না ঋষভকে। অচেনা মানুষের বিপদ দেখে ঝাঁপিয়ে পড়েছিলেন। এবার একই কাজ করলেন শামিও।