রোনালদোর কাছে থেকে উপহার পেলেন ভিনি 

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১২:০১ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদোর অনেক বড় ভক্ত ভিনিসিউস জুনিয়র। পর্তুগিজ তারকাকে নিয়ে মুগ্ধতার অনেকবারই বলতে শোনা গেছে তাকে। এবার নিজের আইডলের কাছ থেকে চমকপ্রদ এক উপহার পেলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

গত ১৬ নভেম্বর লিচটেনস্টেনের সঙ্গে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ম্যাচ খেলে পর্তুগাল। ওই ম্যাচে পর্তুগিজদের ২-০ গোলের জয়ে একটি গোল করেন রোনালদো। ম্যাচ জয়ের পর নিজের একটি জার্সি ভিনিসিউসকে পাঠান রোনালদো। সেটির ছবি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ভিনি।

ক্যারিয়ারের শুরু থেকেই রোনালদোকে নিজের আদর্শ মেনে আসছেন ভিনিসিউস। রিয়াল মাদ্রিদের কিংবদন্তিদের একজন রোনালদো। যাকে অনুসরণ করে একইভাবে ক্যারিয়ার গড়তে চান ভিনিসিউসও। তাই স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেন তিনি।

রোনালদো রিয়াল ছাড়ার পর ৭ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি খুঁজে পাচ্ছিল না ক্লাবটি। এরপর তার গুরুভার ওঠে ভিনির কাঁধে। কিন্তু রোনালদোর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ এখনও করেন ব্রাজিলিয়ান এই তরুণ।

ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সময় উরুগুয়ের বিপক্ষে ইনজুরিতে পড়েন ভিনি। সে কারণে সেলেসাওদের পরের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষেও মাঠের বাইরে বসে কাটাতে হয় তাকে। আজ রাতে লা লিগার ম্যাচে কাদিজের বিপক্ষে খেলবে রিয়াল। এই ম্যাচটিও মিস করতে যাচ্ছেন ভিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত