১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনে আবারও নৌকা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
রবিবার (২৬ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুরে সহকারী রিটানিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামের কাছে নিজের মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
হাসানুল হক ইনু বলেন, প্রতিপক্ষ জোট থাকুন আর না থাকুক, বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক, ১৪ দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবে। ওবায়দুল কাদের কি বলেছেন, সেটা তিনিই ভালো জানেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছেন, ১৪ দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবে। এ ছাড়াও ওই চিঠিতে বলা আছে, প্রয়োজন হলে আওয়ামী লীগের প্রতীক নৌকা শরিকদলের প্রার্থীরা ব্যবহার করতে পারবে।
ইনু বলেন, বিএনপি জামায়াত এখনও নাশকতা চালিয়ে যাচ্ছে তাই দেশের রাজনীতি এখনও নিরাপদ নয়। সেই কারণে এখনও জোটের দরকার আছে। আমরা এখন পর্যন্ত জোটবদ্ধভাবে খুব শক্তিশালী অবস্থান নিয়ে নির্বাচনের মাঠে আছি।
সাবেক তথ্যমন্ত্রী বলেন, তিনি জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়া-২ আসনে আবারও নৌকা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবেন।
