এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হলো আজ। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নেওয়া সাড়ে ১৩ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯২ হাজার ৫৯৫ জন। ২০২২ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। সেই হিসাবে এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮৩ হাজার ৬৮৭ জন।
জিপিএ-৫ কমার কারণ হিসেবে নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও বলছেন, ‘অনলাইন ক্লাসের কারণে ভিত্তি একটু দুর্বল ছিল।’ তিনি আরো বলেন, গতবার দুই বিষয়ে পরীক্ষা ছিল, এবার সব বিষয়ে হয়। এ ছাড়া এবার যারা পাস করেছে, তারা যখন করোনার সময়ে নবম-দশম শ্রেণিতে পড়ত। অনলাইনে সে সময়ে ক্লাসের কারণে অনেকেরই ভিত্তি একটু দুর্বল ছিল। তবে তাঁর কলেজে শিক্ষার্থীদের বিশেষভাবে নজর দেওয়া হয়েছে বলে জানান তিনি।
শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তিনি আশা করেন, সবাই যোগ্য জায়গায় ভর্তি হতে পারবে।
