থিরুভানানথাপুরামে দ্বিতীয় টিটোয়েন্টিতে টপ অর্ডার ব্যাটারদের তিন ফিফটিতে ২৩৫ রানের বড় সংগ্রহ জমা করেছে ভারত। এদিন টস জিতে ভারতকে শুরুতে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথিউ ওয়েড।
নেমেই অস্ট্রেলিয়ান বোলারদের তুলোধুনো করা শুরু করেন যশস্বী জসওয়াল। মাত্র ২৪ বলে ফিফটি করেন যশস্বী। তার পর দুটো ওয়াইড বলের পর ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। ২৫ বলে ৫৩ রানের ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা হাঁকান। নাথান অ্যালিস তার উইকেটটি পান। পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর দাঁড়ায় এক উইকেটে ৭৭ রান।
এর পর ক্রিজে এসে সেই ঝড় অব্যাহত রাখেন ইশান কিশান। তিনি ফিফটি করেন ২৯ বলে। দ্বিতীয় উইকেটে রুতুরাজের সঙ্গে জুটি গড়েন ৮৭ রানের। সেই জুটি ভাঙেন মার্কাস স্টয়নিস। ৩২ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫২ রান করে আউট হন ইশান।
অধিনায়ক সূর্যকুমার এসে প্রথম বলেই ছক্কা দিয়ে শুরু করেন। তবে দুই ছক্কায় ১০ বলে ১৯ রান করে ফেরেন অ্যালিসের শিকার বনে। তার আগে ফিফটি তুলে নেন রুতুরাজ গায়কোয়াড়। রুতুর ফিফটি পূর্ণ হয় ৩৯ বলে। ৪৩ বলে ৫৮ রান করেন শেষ ওভারে তিনিও আউট হন অ্যালিসের বলে। ৯টি চার ও ২টি ছক্কা আসে তার ব্যাট থেকে।
শেষে এসে ঝড়কে সাইক্লোনে রূপ দেন রিংকু সিং ও তিলক ভার্মা। রিংকু ৪ চার ও ২ ছয়ে মাত্র ৯ বলে ৩২ এবং তিলক ২ বলে ৭ রান করে অপরাজিত থাকেন। চার উইকেটে ২৩৫ রানের পাহাড় সংগ্রহ দাঁড় করায় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারত।
