আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এবার আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন দেওয়া হয়নি তিন প্রতিমন্ত্রীকে। তারা হলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
মন্নুজান সুফিয়ান খুলনা-৩ আসনের সংসদ সদস্য। এবার তার জায়গায় মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। কেএম খালিদ একাদশ নির্বাচনে ময়মনসিংহ-৫ আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন। এবার তার জায়গায় মনোনয়ন পেয়েছেন আবদুল হাই আকন্দ। এ ছাড়া জাকির হোসেন কুড়িগ্রাম-৪ আসন থেকে ২০১৪ সালে প্রথম ও ২০১৮ সালে দ্বিতীয়বার নির্বাচিত হন। এবার তাকে মনোনয়ন দেওয়া হয়নি।
এদিকে দলীয় মনোনয়ন না পেয়ে এবারের নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বর্তমান সংসদ সদস্য ডা. মুরাদ হাসান স্বতন্ত্রভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তার নামে একটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
গতকাল রবিবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ডা. মুরাদ হাসান এমপির নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। তার পক্ষে উপজেলা নির্মাণশ্রমিক ইউনিয়নের সভাপতি মুখলেছুর রহমান মিশু মনোনয়নপত্র নিয়েছেন।
ডা. মুরাদ হাসানের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন জানান, প্রথমবারের মতো এ উপজেলা নির্বাচন অফিস থেকে জাতীয় সংসদ নির্বাচনের একটি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এটি মো. মুরাদ হাসানের নামে বিক্রি করা হয়। যেহেতু দলীয় মনোনয়ন চূড়ান্ত হয়েছে। তবে মনোনয়ন জমা হলে বলা যাবে তিনি স্বতন্ত্র প্রার্থী কি না।
এ ব্যাপারে মুখলেছুর রহমান মিশু বলেন, মুরাদ হাসান এমপির অনুমতিক্রমে তার পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করা হয়েছে। এটি দলীয় মনোনয়ন ঘোষণার আগে আওয়ামী লীগের পক্ষেই কেনা হয়েছিল। এখন যেহেতু তিনি মনোনয়ন পাননি, প্রার্থী হবেন নাকি হবেন না, তা পরে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। তবে এ ব্যাপারে কথা বলতে ডা. মুরাদ হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আওয়ামী লীগ থেকে ডা. মুরাদ হাসান নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার এমপি নির্বাচিত হন এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যের দায়িত্ব পালন করেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে জোটগত কারণে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিলে তিনি মনোনয়ন বঞ্চিত হলেও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে তিনি দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন। এবার এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদবিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালকে।
