অবরোধে ঝটিকা মিছিল, ২ বাস ট্রাকে আগুন

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৩:৪৭ এএম

দ্বাদশ সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলসহ বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গতকাল রবিবার সকাল ৬টা থেকে দেশজুড়ে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর। সপ্তম দফার এই অবরোধ কর্মসূচির প্রথম দিন গতকাল দলগুলোর নেতাকর্মীদের রাজপথে তেমন একটা তৎপরতা দেখা যায়নি। শুধু ঝটিকা মিছিল করতে দেখা যায় তাদের। অন্যদিকে রাজধানী ঢাকাসহ দেশের বড় বড় শহরে যান চলাচল ছিল প্রায় স্বাভাবিক। তবে আগের কয়েক দফার অবরোধের মতো গতকালও বাস-ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

অবরোধের সমর্থনে গতকাল সকালে রাজধানীর বনানী এলাকায় ঝটিকা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা। ঢাকা জেলা বিএনপি আয়োজিত এই কর্মসূচিতে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতৃত্ব দেন।

অবরোধের মধ্যে গতকাল রাত ৮টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীতে কাজলা হানিফ ফ্লাইওভারের নিচে মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে তা নেভায়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে বরিশালের উজিরপুরে মুখোশধারী দুর্বৃত্তরা মালবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার চলছেই : র‌্যাব গতকাল ময়মনসিংহ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে নাশকতার মামলায় ময়মনসিংহ জেলা যুবদলের সহসভাপতি মো. মোস্তাফিজুর রহমান এবং রাজধানীর মুগদা থেকে ৭১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আরমান আলীসহ দেশের বিভিন্ন জায়গা থেকে ১৮ জনকে গ্রেপ্তার করেছে।

অন্যদিকে সপ্তম দফা অবরোধের প্রথম দিনে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন বিএনপি নেতাকর্মীরা। এসব কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

প্রতিবেদনটিতে তথ্য দিয়েছে চট্টগ্রাম ব্যুরো এবং সংশ্লিষ্ট জেলা-উপজেলার নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত