সাংবাদিকদের পররাষ্ট্র সচিব

ওয়াশিংটন-মস্কোর পাল্টাপাল্টি বক্তব্য ‘অনভিপ্রেত’

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৩:৪৯ এএম

বাংলাদেশের রাজনীতি ও আসন্ন সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাল্টাপাল্টি বক্তব্যকে ‘অনভিপ্রেত’ বলে অভিহিত করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তবে এ বিষয়ে বাংলাদেশ কোনো আলোচনা করবে না বলে জানান তিনি।

নয়াদিল্লিতে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে দেশে ফিরে গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ভূমিকা নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বক্তব্যে সরকারের মন্তব্য জানতে চান সাংবাদিকরা। পররাষ্ট্র সচিব বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। বাংলাদেশে কী হচ্ছে না হচ্ছে তা নিয়ে আমরা বলতে পারি। তৃতীয় বা চতুর্থ দেশ কী আলাপ-আলোচনা করছে, এটা আমাদের জন্য একটা অনভিপ্রেত বলা যায়।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে দেশে ফেরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে সচিব বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। গ্লোবাল ইসলামী ব্যাংকের (সাবেক এনআরবি গ্লোবাল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদারকে নিয়ে আলোচনা হয়েছে। তবে বিষয়টি বিচারাধীন হওয়ায় এ বিষয়ে বেশি আলোচনা করতে চায় না ভারত।

২৪ নভেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়। এতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আর ভারতের পক্ষে দেশটির পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা নেতৃত্ব দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত