ছিনতাইয়ের অভিযোগে মো. জনি (২৩) ও মো. সাগর (২৪) নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।
রবিবার মিরপুর মডেল থানার মনিপুর বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি জানান, তারা স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে, এরপর সুযোগ বুঝে অভিভাবকদের ব্যাগ, মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়।
এ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃত জনি ও সাগর ছিনতাইকারী। তবে তারা সবাইকে টার্গেট করে না। তাদের টার্গেট স্কুলের সামনে অপেক্ষমাণ নারী অভিভাবকেরা। তারা সাধারণত স্কুল ছুটির সময় এসব অভিভাবকদের আশপাশে ঘুরঘুর করে। এরপর সুযোগ বুঝে ব্যাগ, মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়। এসময় কেউ বাধা দিলে তাকে ছুরি দিয়ে মারার ভয় দেখায়। স্কুল ছুটির সময় সবাই সন্তান নিয়ে ব্যস্ত থাকে, তাই এই সময়টিকেই তারা টার্গেট করে।
গতকালও ছিনতাইয়ের উদ্দেশ্যে মণিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে যায় তারা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।
