আগে থেকেই অধিকৃত পশ্চিম তীরে অনুপ্রবেশ ও ফিলিস্তিনি বাসিন্দাদের ওপর সহিংসতা ও হামলা চালাত ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। তবে গত সাত অক্টোবর হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ভয়াবহভাবে বেড়েছে সহিংসতার পরিমাণ।
তবে গত দেড় মাসে পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনিদের জমি ও বসতবাড়ি ইসরায়েলি বসতি স্থাপনকারীরা দখল করছে বলে অভিযোগ করছেন পশ্চিম তীরের কৃষকেরা।
রোববার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রায় প্রতিদিনই বাড়িঘর এবং জমি দখল হওয়ার ভয় ও আতঙ্ক নিয়ে বাস করছেন অধিকৃত পশ্চিম তীরের কৃষকরা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে ২৩৭ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ২৮৫০ জন আহত হয়েছে।
অধিকৃত পশ্চিম তীরের কৃষক আয়মান আসাদ। ৪৫ বছর বয়সী এই কৃষক তাঁর স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে বসতবাড়ি থেকে দুই কিলোমিটার দূরে একটি আশ্রয়কেন্দ্রে রয়েছেন।
তিনি বলেন, আমার ছেলেমেয়েরা ভয় পাচ্ছে। তারা আর বাইরে খেলতে যায় না। তারা স্কুলে যেতে পারছে না। জায়গাটা খুবই বিপজ্জনক। আমরা শরণার্থী শিবির থেকে মুহূর্মুহু গুলি ও বিস্ফোরণের শব্দ শুনতে পাই।
তিনি আরও বলেন, তার ছেলেমেয়েরা আর স্কুলে যাচ্ছে না কারণ ইসরায়েলি সেনাবাহিনী ওই এলাকার অনেক রাস্তা অবরোধ করছে। সব ক্লাস অনলাইন হয়ে গেছে।
এই মুহুর্তে আসাদের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল তার মুরগির খামার, যা পশ্চিম তীরের এরিয়া সি-তে আরও দূরে। তিনি প্রতি মূহুর্তে ভয়ে থাকেন যে তার বসতবাড়ি, মুরগির খামার ইসরায়েলি বসতি স্থাপনকারীরা দখল করে নেবে।
ফিলিস্তিনের বিস্তীর্ণ এলাকাজুড়ে জলপাই গাছ ও শাকসবজি চাষ হয়। ফিলিস্তিনের জলপাই তেল রপ্তানি হয় সারাবিশ্বে। তাই জলপাই গাছ ফিলিস্তিনিদের জাতিসত্তার প্রতীক। কিন্তু বছরের পর বছর ধরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সেখানকার জলপাই গাছ, কৃষিজমি এবং সম্পত্তি জোর করে দখল করে নিচ্ছে।
ইমান আবদুল্লাহ জাবরি নামের ৪৫ বছর বয়সী একজন নারী শ্রমিক বলেন, ‘আমি আমার স্বামীসহ আরও বেশ কয়েকজন মিলে জলপাই সংগ্রহ করছিলাম। হঠাৎ পাঁচজন ইসরায়েলি বসতি স্থাপনকারী গুলি করতে করতে আমাদের দিকে এগিয়ে আসে। তারপর আমাদের মোবাইল ফোন কেড়ে নেয় যাতে তাদের ছবি তুলতে না পারি। তারা নারী শ্রমিকদের চলে যেতে বলে এবং পুরুষ শ্রমিকদের জলপাই গাছের নিচে ফেলে পেটাতে শুরু করে। আমরা নারীরা ভয় পেয়ে দূরে সরে যাই এবং এই মর্মান্তিক দৃশ্য দেখতে থাকি। তারা আমাদের সমস্ত জলপাই নিয়ে চলে যায়।’ ইমান আবদুল্লাহ কাঁদতে কাঁদতে বলেন, ’তাদের আছে বন্দুক, আমাদের আছে শুধুই দুটো হাত।
ফিলিস্তিনের পশ্চিম তীর ১৯৬৭ সাল থেকে ইসরায়েল দখল করে রেখেছে। ওই সময় থেকে এখন পর্যন্ত প্রায় ৭ লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা অবৈধভাবে ফিলিস্তিনের ভূখণ্ডে বসতি স্থাপন করেছে। গত দেড় মাসে জমি ও ঘরবাড়ি দখলের পরিমাণ বেড়েছে দ্বিগুণ।
