সংগীতশিল্পী নিকিতা গান্ধীর একটি কনসার্টে পদপিষ্ট হয়ে চার শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতের কেরালার কোচি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। এতে আহত হয়েছেন প্রায় ৬০ জন। শনিবার (২৫ নভেম্বর) রাতে ঘটেছে এ ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী দুর্ঘটনাটি ঘটেছে গায়িকা নিকিতা কনসার্টে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে। এ ঘটনায় অবশ্য শোক প্রকাশ করেছেন নিকিতা। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি লিখেছেন, এই দুর্ঘটনায় আমি খুবই মর্মাহত। কোচিতে যা হয়েছে তার জন্য আমি বাকরুদ্ধ। দুর্ভাগ্যজনক ঘটনাটি আমি অনুষ্ঠানে পৌঁছানোর আগে ঘটেছে।
তিনি আরও লিখেছেন, এ ঘটনায় দুঃখ প্রকাশ করার জন্য কোনো শব্দই যথেষ্ট নয়। মৃত ও আহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি আমার প্রার্থনা।
কর্মকর্তারা জানিয়েছেন, নিকিতা মঞ্চে ওঠার আগে কোচির কাছে কোচি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপেন অডিটোরিয়ামে এই পদপিষ্টের ঘটনা ঘটেছে। বৃষ্টির কারণে বাইরে থাকা লোকজন অডিটোরিয়ামে প্রবেশ করে। এ কারণে ভিড়ে পদপিষ্টের সৃষ্টি হয়।
এ ঘটনায় এডিজিপি এমআর অজিত কুমার বলেন, হাজার থেকে দেড় হাজারের মতো লোকের ধারণ ক্ষমতা ছিল অডিটোরিয়ামে। সেখানে শিক্ষার্থীই ছিল দুই হাজারের বেশি। পাশাপাশি হঠাৎ বৃষ্টির জন্য বাইরে থাকা কিছু মানুষ সেখানে আশ্রয় নেয়। বৃষ্টি থেকে বাঁচতে শিক্ষার্থীরা সিঁড়ি দিয়ে ছুটতে শুরু করে। একপর্যায়ে পা পিছলে দুর্ঘটনা ঘটে।
কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, দুর্ঘটনায় দু’জন ছাত্র ও দু’জন ছাত্রীর মৃত্যু হয়েছে। আর ৬০ জনের বেশি কালামাসেরি মেডিকেল কলেজ হাসপাতাল এবং আশপাশের কিছু হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে চার শিক্ষার্থীর অবস্থা শঙ্কাজনক।
