যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যে তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি করা হয়েছে। এ ঘটনাকে ঘৃণামূলক অপরাধ হিসেবে তদন্ত করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে ভুক্তভোগীদের পরিবার।
বুরলিংটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ভুক্তভোগী তিনজন হলেন হিশাম আওয়ারতানি, তাহসিন আহমেদ এবং কিন্নান আবদালহামিদ। তাদের মধ্যে দুজনের অবস্থা স্থিতিশীল এবং একজনের অবস্থা আশঙ্কাজনক। ইউনিভার্সিটি অব ভারমন্ট ক্যাম্পাসের কাছে এক ব্যক্তি এই তিনজনকে গুলি করে। সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম জ্যাসন জে ইঅ্যাটন যার বয়স ৪৮ বছর।
আবদালহামিদ পেনসিলভেনিয়ার হারভারফোর্ড কলেজে, আওয়ারতানি ব্রাউন ইউনিভার্সিটিতে এবং তাহসিন কানেক্টিকাটের ট্রিনিটি কলেজে পড়েন। ভুক্তভোগীদের স্বজন রিচ প্রাইস জানান, তিনজনের বয়স ২০ বছরের কোটায়। তারা একটি জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন।
ভুক্তভোগীদের পরিবার ফিলিস্তিনপন্থি অলাভজনক সংস্থা মিটলইস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেছিল। ঘটনার পর তারা বলছে, ‘আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলব, একটি বিস্তৃত তদন্ত করুন এবং বিষয়টিকে ঘৃণামূলক অপরাধ হিসেবে বিবেচনা করুন। বন্দুকধারীকে বিচারের আওতায় না আনা পর্যন্ত আমরা স্বস্তি পাচ্ছি না।’
