বাংলাদেশে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। এখন থেকে দেশটি ভারতের নয়াদিল্লিতে থাকা তাদের দূতাবাসের মাধ্যমে বাংলাদেশের দ্বিপক্ষীয় বিষয়গুলো দেখভাল করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এক মাস আগেই এক কূটনৈতিক পত্রের মাধ্যমে দূতাবাস বন্ধের বিষয়টি জানিয়েছিল উত্তর কোরিয়া। এরপর ঢাকায় নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক সুং ইয়ুপ গত ২১ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করেন। পত্রে তারা আর্থিক ও কিছু প্রাসঙ্গিক কারণ দেখিয়েছেন।
উত্তর কোরিয়ায়ও বাংলাদেশের কোনো দূতাবাস নেই। চীনের বেইজিংয়ে থাকা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পিয়ংইয়ং এর সঙ্গে যোগোযোগ রক্ষা করে চলে ঢাকা। বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে উত্তর কোরিয়া দূতাবাস কাজ শুরু করে।
