যাত্রাবাড়ীতে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে ছিনতাই

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১০:৩৮ এএম

রাজধানীর যাত্রাবাড়ীতে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত শহিদুল ইসলাম (৫৫) নামে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শনির আখড়া বাগানবাড়ি মসজিদ গলিতে এই ঘটনা ঘটে। 

আহতের ভাগিনা মতিউর রহমান জানান, শহিদুল ইসলাম প্রাইভেটকার চালক। তার বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলায়। তবে বর্তমানে বাগানবাড়ি মসজিদ গলিতে থাকেন। মাঝরাতে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। ফেরার পথে ওই গলিতে ৩ ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দিলে তার গলার বাম পাশে, বুক ও হাতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এরপর তার সঙ্গে থাকা সাড়ে ৯ হাজার টাকা এবং মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে স্বজনরা খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগে তাকে চিকিৎসা শেষে বাসায় নিয়ে গেছেন স্বজনরা। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশ তদন্ত করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত