ভারতের পশ্চিমবঙ্গের 'পাহাড়ের রানি' খ্যাত দার্জিলিং ঘুরতে গেলে এখন থেকে দিতে হবে পর্যটন কর। পর্যটকদের কাছ থেকে নতুন করে এই 'পর্যটন কর' আদায়ের সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং পৌরসভা।
পৌরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরির বরাতে সোমবার ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে।
ইতোমধ্যেই এই সিদ্ধান্তের কথা বিভিন্ন হোটেল মালিক ও পর্যটন ব্যবসায়ীদের জানিয়ে দেয়া হয়েছে। সেই সঙ্গে করের কুপনও পৌঁছে দেয়া হয়েছে শৈল শহরের হোটেলগুলিতে।
দীপেন ঠাকুরি জানান, এই কর আগেও একসময় চালু ছিল দার্জিলিংয়ে। মাঝে নেওয়া বন্ধ থাকায় এখন আবার চালু করা হলো। মূলত দার্জিলিং শহরের ময়লা-আবর্জনা পরিষ্কার করতে পৌরসভার বেশি খরচ হচ্ছে। তাই আদাতকৃত করের টাকা এখানে কাজে লাগানো হবে।
তিনি আরও জানান, ৫ বছরের বেশি বয়সী পর্যটকের কাছ থেকে প্রতিদিন ২০ রুপি কর আদায় করা হবে। এর আগেও করের পরিমাণ একই ছিল বলে জানান তিনি।
খুব শীঘ্রই এই কর আদায়ের প্রক্রিয়া শুরু হবে বলে উল্লেখ করেন পৌরসভা চেয়ারম্যান।
এদিকে পৌরসভার এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে পর্যটন সংস্থাগুলি। তাদের অভিযোগ, তাদের সঙ্গে কোনো আলোচনায় না গিয়েই এ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে পৌরসভা। তারা জানান, অতীতে তাদের এ ধরনের বিষয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছে।
