ঢাকা মহানগর বিএনপির নেতা লিয়ন হক ও রাজিব হাসানের বোন আফরোজা পারভীন জেবা বলেছেন, ‘আমার দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ, এক ভাইকে পুলিশ একমাস গুম করে রাখে, পরে গ্রেপ্তার দেখিয়েছে। আমার পরিবার সদস্যদের গ্রেপ্তার-গুম-খুন করে সরকার তছনছ করে দিয়েছে।’
তিনি বলেন, এক বছর আগে আমার ভগ্নিপ্রতি লক্ষীপুরে র্যাব গুলি করে মেরে ফেলেছে। তিনি বিএনপি করতেন। আমরা ২০ লাখ টাকা ঘুষ দিলে র্যাব আমাদেরকে মৃতের লাশটা দেয়,তারা প্রথমে লাশ পর্যন্ত দিতে চায়নি। শেখ হাসিনাকে বলবো, যদি আমার এবং আমার পরিবারের বাঁচার অধিকার না থাকে তাহলে আমাদের সবাইকে এক সাথে মেরে ফেলুন। একজন একজন করে কষ্ট দিয়ে মারবেন না। আমরা বিএনপির রাজনীতি করে অপরাধ করেছি। আমরা পুরো পরিবার এখন মরতে চাই।
বিএনপির গুম-খুন-গ্রেপ্তার নেতাকর্মীদের স্বজনের প্রতিবাদ সমাবেশ এসব কথা বলেন তিনি। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। সারা দেশে থেকে কয়েকশ’ স্বজনরা এ সমাবেশে হাজির হন।
ঢাকা মহানগর বিএনপি নেতা মুক্তিযোদ্ধা শেখ মনিরুজ্জামানের স্ত্রী বলেন,'রাত দুইটা বাজে দরজা ভেঙে আমার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা বয়স্ক বৃদ্ধ-পুলিশ কে কত আকুতি মিনতি করলাম যে, বয়স্ক অসুস্থ নির্দোষ লোকটা না নিয়ে যেতে- কিন্তু পুলিশ বাসায় ভাঙচুর করে নির্দয়ভাবে তাকে তুলে নিয়ে যায়।'
জেলেখানায় মৃত বিএনপি নেতার আবুল বাসারের স্ত্রী বলেন, ‘আমি আমার স্বামী হারানোর বিচার চাই। আমার সন্তানকে এতিম করেছে। পুলিশ তাকে গ্রেপ্তার অমানবিক নিষ্ঠুর নির্যাতন করেছে-যার ফলে আমার স্বামীর মৃত্যু হয়। আমি স্বামী হত্যার বিচার চাই।’
যুবদলের সিনিয়র সহ সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেনের স্ত্রী বলেন, ‘আমার কোথায় যাব! আমার স্বামীর মামলার বাদী পুলিশ, মামলা করলোও পুলিশ, সাক্ষী দিলও পুলিশ-এটা কেমন বিচার! আদালতে বিচারকের সামনে এমন অবিচারের প্রতিবাদ করলে বিচারক বলে-এখানে আইনের কথা বলবেন না।’
বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহানের স্ত্রী রহিমা শাহজাহান মায়া বলেন, ‘আমার স্বামীকে দুই বছরের জন্য জেল দিয়েছে, তার কোনো দোষ নাই, আমাদের পরিবারকে ধ্বংস করে দেয়া হয়েছে-আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করুক।’
ঢাকা মহানগর বিএনপির নেতা আবদুল হাই ভুঁইয়া বলেন, ‘আমার ৩ ছেলে ও এক ছেলের বউকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করে অমানুষিক নির্যাতন করছে জেলে। যারা গ্রেপ্তার হয়েছে তাদের দেখতে গেলেও আত্মীয় স্বজনকে আটকে থানায় হয়রানি করছে পুলিশ। আমি দেশে-বিদেশের বিবেকবান মানুষকে বলতে চাই; আমরা কিভাবে দিন কাটাচ্ছি, একটু চিন্তা করুন।’
