নাশকতার পুরনো তিন মামলায় বিএনপির ৭১ নেতাকর্মীর সাজা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০২:২৭ এএম

রাজধানীর দক্ষিণ খান, বংশাল ও চকবাজার থানার নাশকতার পৃথক তিন মামলায় বিএনপির ৭১ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ঢাকার তিন আদালত। এর মধ্যে দক্ষিণখান থানার এক মামলায় ৩৮ জনের, বংশাল থানার ১৯ জনের এবং চকবাজার থানার ১৪ জনের সাজা হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

গতকাল মঙ্গলবার যে তিনটি মামলার রায় হয়েছে, সবকটির বাদী পুলিশ। এর মধ্যে দুটি মামলা করা হয়েছিল ২০১৮ সালে গত সংসদ নির্বাচনের আগে। আরেকটি হয়েছিল ২০১৪ সালের নির্বাচনের দুই মাস আগে।

বংশাল থানা : ১০ বছর আগে ২০১৩ সালে বংশাল থানার এক নাশকতার মামলায় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ বিএনপির ১৯ জনকে ছয় মাসের সাজা দিয়েছে আদালত। এ নিয়ে ইসহাকের বিরুদ্ধে পৃথক কয়েকটি মামলায় সাড়ে ১৪ বছরের সাজা দেওয়া হয়। ঢাকা মহানগর হাকিম মো. সুলতান সোহাগ উদ্দিন গতকাল এ রায় ঘোষণা করেন। পাশাপাশি প্রত্যেককে ৩ হাজার nটাকা অর্থদণ্ড করা হয়েছে। এ ছাড়া অভিযোগ প্রমাণ করতে না পারায় ৩৩ জনকে খালাস দিয়েছেন বিচারক। ২০১৩ সালে আসামিদের বিরুদ্ধে মামলা করে বংশাল থানার পুলিশ।

দক্ষিণখান থানা : পাঁচ বছর আগে রাজধানীর দক্ষিণখান থানার একটি নাশকতার মামলায় বিএনপির ৩৮ নেতাকর্মীর চার বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মো. মঈনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে মামলার অন্য ৮০ আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয় আদালত। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ জানান, প্রত্যেক আসামিকে ১৪৭ ধারায় দেড় বছরের কারাদণ্ড ও ৩৫৩ ধারায় আড়াই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বিএনপির উত্তরখান থানার সভাপতি মো. আনোয়ার হোসেন সরকার, থানা যুবদলের সাধারণ সম্পাদক মো. মোকলেছ, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াকুব আলী, থানা বিএনপির সহসভাপতি মো. শেখ নুর মোহাম্মদ, মমতাজ উদ্দিন, হারুন অর রশিদ হারুন, তোফাজ্জল হোসেন ওরফে মিঠু প্রমুখ।

মামলার অভিযোগে বলা হয় ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ বাদী হয়ে দক্ষিণখান থানায় মামলাটি করে।

চকবাজার থানা : ২০১৮ সালে করা এক নাশকতার মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীকে ২২ মাস করে সাজা দিয়েছে আদালত। ঢাকা মহানগর হাকিম আতাউল্লাহ গতকাল এ রায় ঘোষণা করেন। ১২ জনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন হাজি জাহিদুল ইসলাম বাবুল, সেলিম আহমেদ সালেম, আজিজুর রহমান সজীব, হাজি মো. সাবের, আনোয়ার পারভেজ বাদল, হাজি মো. কামালউদ্দিন ঝন্টু, রেজাউর রহমান রাজু, হীরা, সাইদ হাসান মিন্টু, তারেক লস্কর, রফিকুল ইসলাম রাসেল, আনোয়ার হোসেন রনি, জিয়াউল হক জনি ও কুতুবউদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত