পিকনিকের চাঁদা তুলতে না দেওয়ায় ছাত্রলীগের ভাঙচুর

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৩:১৩ এএম

মেহেরপুর সরকারি কলেজ কর্তৃপক্ষ পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে জোর করে চাঁদার টাকা তুলতে না দেওয়ায় কলেজ ছাত্রলীগের ক্ষুব্ধ নেতাকর্মীরা কলেজের প্রশাসনিক ভবনে ঢুকে চেয়ার ভাঙচুর ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে লাঞ্ছিত করেছেন।

কলেজ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান মাহমুদ অনিকের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল কলেজের প্রশাসনিক ভবনে ঢুকে এই ভাঙচুর করে। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল্লাহ আল আমিন ধূমকেতুকে লাঞ্ছিত করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ‘মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, যুগ্ম সম্পাদক ইমরান মাহমুদ অনিক ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদ আলী কলেজের নামে রসিদ ছাপিয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে জোর করে পিকনিকের নাম করে চাঁদা তুলছিলেন। এমন অভিযোগ পেয়ে ছাত্রলীগের কিছু নেতাকর্মীর হাত থেকে কলেজের নামে ছাপানো রসিদ-বই কেড়ে নেওয়া হয় এবং কলেজে পিকনিকের নামে শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদার টাকা তুলতে নিষেধ করা হয়। এর কিছুক্ষণ পর ইমরান মাহমুদ অনিকের নেতৃত্বে আরও ৩-৪ জন ছাত্র কলেজের প্রশাসনিক ভবনে গিয়ে অফিসের চেয়ার ভাঙচুর করেন ও আমাকে লাঞ্ছিত ও হেনস্তা করে চলে যান।’

এ বিষয়ে কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহম্মেদ বলেন, ‘পিকনিকের জন্য টাকা তোলা হচ্ছে। এটা দোষের কী? এ বিষয়টি নিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ধূমকেতু স্যার বাড়াবাড়ি না করে আমাকে ফোন করতে পারতেন। তাহলে এত কিছু ঘটত না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত